ব্ল্যাক হোল কাকে বলে, ওরা কোথা থাকে
সব লোকে কেন তারে ব্ল্যাক হোল ডাকে?
খেয়ে দেয়ে ভারী তারা পেট হলে ভরা
কোনো কিছু কাছে গেলে টেনে নেয় ত্বরা।
দিনে দিনে আরও খায়, ভর যায় বেড়ে
আশপাশে যত তারা, তা–ও খায় কেড়ে।
যত ভারী, তত বেশি অভিকর্ষ বল
কিছু নাহি বের হয়, পড়াটাই ফল।
ছুটে আসা আলোটাও ফিরে গেলে টানে
সেই তারা ব্ল্যাক হোল, এই তার মানে!
চারদিকে আলো আছে, মাঝে অন্ধকার
ওর টানে ছোটে যারা, আলোটাও তার!
বহুদূরে আছে ওরা নীহারিকামাঝে
কালো হোক তবু থাকে তারাঘেরা সাজে!
সরাসরি দেখা নিয়ে কত কিছু করা
অবশেষে ঠিকঠাক পড়ে গেল ধরা!