ফোবিয়া কী, কেন ফোবিয়া হয়
কল্পনা করুন, আপনি চমৎকার একটি বহুতল ভবনের ছাদে দাঁড়িয়ে আছেন। চারপাশের দৃশ্য অসাধারণ। কিন্তু আপনার বুকের ভেতরটা হঠাৎ ছ্যাঁত করে উঠল। মনে হচ্ছে কেউ যেন গলা চেপে ধরেছে, হাত-পা কাঁপছে, এখুনি ছাদ থেকে নিচে পড়ে যাবেন! অথচ আপনি একদম নিরাপদ জায়গাতেই আছেন। কিংবা ধরুন, ছোট্ট একটা তেলাপোকা দেখে আপনার এমন ভয় হলো যে চিৎকার করে ঘর থেকেই দৌড়ে পালালেন।
আশেপাশের মানুষ হয়তো ভাবছে, ‘কী অদ্ভুত, সামান্য এই জিনিস নিয়ে এত ভয় পাওয়ার কী আছে?’ কিন্তু আপনার কাছে এই ভয়টা একদম বাস্তব। সাধারণ ভয়ের চেয়ে কয়েক গুণ বেশি তীব্র এই অনুভূতির বৈজ্ঞানিক নাম ফোবিয়া। আসুন, আজ আমরা মানুষের মনের এই অদ্ভুত ও রহস্যময় জগৎটার একটু গভীরে গিয়ে দেখি।
ফোবিয়া কেন হয়, তার উত্তর লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের একটি ছোট্ট অংশে, যার নাম অ্যামিগডালা। একে আমাদের মস্তিষ্কের বিপদ শনাক্তকরণ কেন্দ্র বলতে পারেন।
১. ফোবিয়া নিছক কোনো ভয় নয়
অন্ধকার বা সাপের মতো বিপজ্জনক জিনিসকে ভয় পাওয়াটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু ফোবিয়া হলো একধরনের উদ্বেগজনিত মানসিক ব্যাধি। যখন কোনো নির্দিষ্ট বস্তু, প্রাণী, স্থান বা পরিস্থিতির প্রতি মানুষের অস্বাভাবিক, তীব্র ও অযৌক্তিক ভয়ের সৃষ্টি হয়, তখন তাকে ফোবিয়া বলে। এই ভয় এতটাই প্রকট হতে পারে যে, তা আপনার দৈনন্দিন কাজ, স্বাভাবিক জীবনযাপন বা সামাজিক সম্পর্কেও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
২. মস্তিষ্কের অ্যালার্ম সিস্টেম অ্যামিগডালা
ফোবিয়া কেন হয়, তার উত্তর লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের একটি ছোট্ট অংশে, যার নাম অ্যামিগডালা। একে আমাদের মস্তিষ্কের বিপদ শনাক্তকরণ কেন্দ্র বলতে পারেন। ফোবিয়ার কারণ হতে পারে এমন কোনো জিনিস সামনে এলেই অ্যামিগডালা অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে। এটি তৎক্ষণাৎ শরীরকে নির্দেশ দেয়—‘বিপদ! হয় লড়াই করো, নয়তো পালাও!’ তখনই শরীরে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া।
৩. শরীরের ভেতরের তুমুল ঝড়
ফোবিয়া শুধু মনের ব্যাপার নয়, এর শারীরিক প্রতিক্রিয়াও ভয়ংকর। অ্যামিগডালার নির্দেশ পাওয়ামাত্রই আপনার শরীরের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কাজে নেমে পড়ে। আপনার হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যায়, শ্বাস-প্রশ্বাস দ্রুত হতে থাকে, হাত-পা কাঁপে এবং শরীর ঘামে ভিজে যায়। অনেকের ক্ষেত্রে মাথা ঘোরা বা বমি বমি ভাবও দেখা দেয়। অর্থাৎ, মন ভয় পেলেও তার পুরো মাশুল গুনতে হয় শরীরকে।
ফোবিয়া হলো একধরনের উদ্বেগজনিত মানসিক ব্যাধি। যখন কোনো নির্দিষ্ট বস্তু, প্রাণী, স্থান বা পরিস্থিতির প্রতি মানুষের অস্বাভাবিক, তীব্র ও অযৌক্তিক ভয়ের সৃষ্টি হয়, তখন তাকে ফোবিয়া বলে।
৪. সব ফোবিয়া জন্মগত নয়
সব ফোবিয়া কিন্তু মানুষ জন্ম থেকে নিয়ে আসে না। জিনগত কারণের বাইরে, বেশির ভাগ ফোবিয়াই আমাদের পরিবেশ বা পরিস্থিতি থেকে শেখা ভয়। মনস্তত্ত্বের ভাষায় একে বলে কন্ডিশনিং। ধরুন, ছোটবেলায় আপনি লিফটে আটকে গিয়েছিলেন। সেই চরম আতঙ্কের স্মৃতি আপনার মস্তিষ্ক চিরস্থায়ীভাবে গেঁথে নিয়েছে। ফলে বড় হওয়ার পরও লিফট দেখলেই আপনার মস্তিষ্ক আপনাকে সতর্ক করে দেয়। এমনকি অন্য কাউকে ভয় পেতে দেখে কিংবা বারবার কোনো নেতিবাচক খবর শুনেও মনে নতুন ফোবিয়ার জন্ম হতে পারে।
৫. শত শত ফোবিয়ার বিচিত্র জগৎ
বিজ্ঞানীরা এ পর্যন্ত শত শত বিচিত্র ফোবিয়ার সন্ধান পেয়েছেন। উচ্চতার ভয়, মাকড়সার ভয়, বদ্ধ জায়গার ভয় বা বিমানে ওঠার ভয়; এগুলো আমাদের বেশ পরিচিত। তবে এমন কিছু ফোবিয়া আছে, যার নাম শুনলে আপনি সত্যিই অবাক হবেন! যেমন ধরুন, নোমোফোবিয়া। মোবাইল ছাড়া বা নেটওয়ার্কের বাইরে থাকার ভয়। আজকের দিনে এই ফোবিয়া বোধ হয় অনেকেরই আছে! ছোট ছোট ছিদ্রের গুচ্ছ দেখলে তীব্র অস্বস্তি বা গা ঘিনঘিন করে ওঠাকে বলে ট্রাইপোফোবিয়া। যেমন, মৌচাক বা পদ্মফুলের বীজকোষ দেখে ভয় পাওয়া। কোলরোফোবিয়া হলো মজার ক্লাউন দেখে তীব্র আতঙ্কে ভোগা। বিজ্ঞানীরা মানুষের মনের এমন বিচিত্র সব ভয় নিয়ে এখনো নিরলস গবেষণা চালিয়ে যাচ্ছেন।
কিছু ফোবিয়া আছে, যার নাম শুনলে আপনি সত্যিই অবাক হবেন! যেমন ধরুন, নোমোফোবিয়া। মোবাইল ছাড়া বা নেটওয়ার্কের বাইরে থাকার ভয়। এখন এই ফোবিয়া বোধ হয় অনেকেরই আছে!
৬. ফোবিয়া কি সারাজীবনের সঙ্গী
অনেকেই ভাবেন, ফোবিয়া একবার হলে বুঝি তা আর দূর করা সম্ভব নয়। এটি সম্পূর্ণ ভুল ধারণা। আধুনিক চিকিৎসাবিজ্ঞানে ফোবিয়া নিয়ন্ত্রণের দারুণ সব উপায় রয়েছে। এর মধ্যে সবচেয়ে কার্যকর হলো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এবং এক্সপোজার থেরাপি। এক্সপোজার থেরাপিতে রোগীকে নিয়ন্ত্রিত ও নিরাপদ পরিবেশে তাঁর ভয়ের কারণটির মুখোমুখি করা হয়, যাতে ধীরে ধীরে ভয়ের তীব্রতা কমে আসে। প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে কিছু ওষুধও ব্যবহার করা যেতে পারে।
ফোবিয়া আসলে আমাদের মস্তিষ্কের এক অতি-সতর্ক অবস্থার ফসল। নিজেকে সুরক্ষিত রাখার যে আদিম প্রবৃত্তি মানুষের মধ্যে রয়েছে, ফোবিয়া তারই এক অতিরঞ্জিত রূপ। তবে সঠিক সময়ে বিশেষজ্ঞের সাহায্য নিলে মনের এই অদৃশ্য শিকল ছিঁড়ে ফেলে একদম স্বাভাবিক ও সুন্দর জীবনযাপন করা সম্ভব।