মানুষের দেহে অতিরিক্ত হাড় থাকা কতটা স্বাভাবিক
আমরা ছোটবেলায় বিজ্ঞানের বইয়ে পড়েছি, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে ২০৬টি হাড় থাকে। আর শিশুদের শরীরে থাকে ২৭০ থেকে ৩০০টির মতো হাড়। বড় হওয়ার সঙ্গে সঙ্গে জোড়া লেগে হাড়ের সংখ্যা কমে যায়। কিন্তু জানেন কি, আপনার শরীরে হয়তো ২০৬টির চেয়ে বেশি হাড় থাকতে পারে? আর মজার ব্যাপার হলো, হয়তো তা জানেনই না!
চিকিৎসা বিজ্ঞানে এদের বলা হয় অ্যাকসেসরি বোন বা অতিরিক্ত হাড়। এগুলো সাধারণত কোনো কাজে আসে না, অনেকটা বাড়তি যন্ত্রাংশের মতো। যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের মার্সি মেডিকেল সেন্টারের অর্থোপেডিক সার্জন ভন্দন প্যাটেল বলেছেন, ‘বেশিরভাগ সময় মানুষ টেরই পায় না যে তাদের শরীরে এমন হাড় আছে। হয়তো অন্য কোনো কারণে এক্স-রে করতে গিয়ে হঠাৎ একটা বাড়তি হাড় ধরা পড়ে!
তুরস্কের ইস্তাম্বুল মেদেনিইয়েত ইউনিভার্সিটির অ্যানাটমি বিভাগের সহযোগী অধ্যাপক এরেন ওগুতের মতে, পৃথিবীর প্রায় ১০ থেকে ৩০ শতাংশ মানুষের শরীরে এমন অতিরিক্ত হাড় থাকতে পারে। তবে সঠিক সংখ্যাটা হয়তো আরও বেশি, কারণ এক্স-রে বা স্ক্যানে এগুলোকে অনেক সময় ভাঙা হাড়ের টুকরো বা বয়সের ছাপ বলে ভুল করা হয়।
এখন প্রশ্ন হলো, এই হাড়গুলো দেহের কোথায় থাকে? বেশিরভাগ সময়ই এই বাড়তি হাড়গুলো আমাদের পা বা গোড়ালিতে লুকিয়ে থাকে। যেমন ওস ট্রাইগোনাম হলো সবচেয়ে পরিচিত অতিরিক্ত হাড়। প্রায় ১০ থেকে ২৫ শতাংশ মানুষের গোড়ালির পেছনের দিকে এটি থাকে। সাধারণ অবস্থায় এটি কোনো সমস্যা করে না। কিন্তু যারা ফুটবল খেলেন, পায়ের পাতা নিচের দিকে ভাঁজ করার সময় তাদের ব্যথা হতে পারে।
অর্থোপেডিক সার্জন ভন্দন প্যাটেল বলেছেন, ‘বেশিরভাগ সময় মানুষ টেরই পায় না যে তাদের শরীরে এমন হাড় আছে। হয়তো অন্য কোনো কারণে এক্স-রে করতে গিয়ে হঠাৎ একটা বাড়তি হাড় ধরা পড়ে!'
এরকম আরেকটি হাড়ের নাম অ্যাকসেসরি নেভিকুলার। এটি থাকে পায়ের পাতার ভেতরের দিকে। প্রায় ১২ শতাংশ মানুষের এটি থাকে। যাদের চ্যাপ্টা পা, তাদের ক্ষেত্রে এই হাড়টি পায়ের বাঁকে ব্যথা তৈরি করতে পারে।
অবাক করা বিষয় হলো, প্রায় ১ শতাংশ মানুষের গলায় বা ঘাড়ে বাড়তি পাঁজর থাকতে পারে! একে বলা হয় সারভাইকাল রিব। বুকের পাঁজরের মতো এটি সমান্তরাল থাকে না, বরং একটু খাড়া বা আড়াআড়িভাবে থাকে। সাধারণত এটি কোনো ঝামেলা করে না। তবে মাঝেমধ্যে এটি স্নায়ুতে চাপ দিলে হাতে ব্যথা অনুভব হতে পারে। তখন ফিজিওথেরাপি বা ছোট অপারেশন করে এই হাড় বিদায় করতে হয়।
তাছাড়া হিপ জয়েন্ট বা কোমরেও ওস অ্যাসিটাবুলি নামে একধরনের বিরল হাড় দেখা যায়। শতকরা ৫ জনেরও কম মানুষের শরীরে থাকে এই বাড়তি হাড়।
সুতরাং, ২০৬টি হাড়ের হিসাবটা কিন্তু সব সময় সঠিক নয়। আপনার শরীরেও হয়তো লুকিয়ে আছে এমন কোনো এক অতিথি, যার কথা আপনি কোনো দিন জানতেই পারেননি!