হরমোন, একটি মামলা আর গিনিপিগের কাহিনি

১৯০৩ সালের ১১ নভেম্বর। লন্ডনের ওল্ড বেইলি কোর্টহাউস প্রাঙ্গণে মানুষের বিক্ষিপ্ত জটলা। এদের কেউ চিকিত্সাশাস্ত্রের ছাত্র, কেউ প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা সংস্থার কর্মী, কেউ বিজ্ঞানী ও চিকিত্সক, আবার কেউবা উত্সুক জনতা। অপেক্ষমাণ সবাই একটি ঐতিহাসিক মামলার সাক্ষী হতে যাচ্ছে। মামলাটি করেছেন চিকিত্সাবিজ্ঞানের একজন গবেষক উইলিয়াম বেলিস আর মামলাটি করতে উত্সাহিত করেছেন তাঁর সহকর্মী ও বিখ্যাত শরীরতত্ত্ববিদ আর্নেস্ট স্টারলিং। কী হয়েছিল বা এর ফলাফল কী এমন ছিল যে এই ঘটনা চিকিত্সাবিজ্ঞানের ইতিহাসের পাতায় উঠে এল? আসুন সেটাই খুঁজে বের করার চেষ্টা করি।

উইলিয়াম বেলিস ও আর্নেস্ট স্টারলিং তখন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের শারীরবৃত্তীয় বিভাগের অধ্যাপক ও স্বনামধন্য গবেষক। বলনির্ভর দেহতত্ত্বের কাজগুলো তখন তাঁদেরকে একটা বিশ্বপরিচিতি এনে দিয়েছে। এর মধ্যে স্টারলিংয়ের ফ্রাংক-স্টারলিং নীতি বিশেষভাবে উল্লেখযোগ্য। সেট হৃৎবিজ্ঞানের একটি বিষয়। ১৯০২ সালে রুশ বিজ্ঞানী ইভান পাভলভের একটি গবেষণাপত্র তাঁদের নজরে আসে। সেটাই পরে স্টারলিং ও বেলিসকে হরমোন গবেষণায় উদ্বুদ্ধ করেছিল। পাভলভের মতে, জীবের অন্ত্র থেকে অগ্ন্যাশয় পর্যন্ত কিছু স্নায়ু সংযোগ থাকে। সেগুলো অগ্ন্যাশয়ের রাসায়নিক উপাদান নিঃসরণে সাহায্য করে।

পাভলভের এই কথার সত্যতা প্রমাণের জন্য ১৯০২ সালের জানুয়ারি মাসে বেলিস ও স্টারলিং একত্রে একটি পরীক্ষা চালান। সেই পরীক্ষায় ব্যবহার করা হয়েছিল বাদামি রঙের একটি টেরিয়ার কুকুর। কুকুরটির পাকস্থলী থেকে অগ্ন্যাশয় পর্যন্ত বিস্তৃত স্নায়ুসংস্থানকে বিচ্ছিন্ন করে দেওয়ার পরও দেখা গেল যে অগ্ন্যাশয় থেকে রাসায়নিক উপাদানটির নিঃসরণ হচ্ছে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁরা প্রমাণ করে দেখান, অগ্ন্যাশয়ে নিঃসরণের সঙ্গে স্নায়ুর কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এখানে স্নায়ু বার্তাবাহক হিসেবে কাজ করছে না। তাঁরা বললেন, এটা হতে পারে কোনো রাসায়নিক অভিব্যক্তির ফল। স্টারলিং এই রাসায়নিক উপাদানের নাম দিলেন সিক্রেটিন (Secretin)। সিক্রেটিন রক্তের মাধ্যমে বাহিত হয়ে অগ্ন্যাশয়ে গিয়ে কাজ করে। বোঝাই যাচ্ছে ইংরেজি সিক্রেশন (Secretion) থেকে সিক্রেটিনের নামকরণ করা হয়েছিল। সিক্রেটিন সম্পর্কে আমরা এখন অনেক কিছুই জানি। ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামে অম্লের উপস্থিতি সিক্রেটিন নিঃসরণে সবচেয়ে বড় ভূমিকা রাখে। পাকস্থলীর পরিপাক করা খাবার যখন অম্লমিশ্রিত হয়ে ডিওডেনামে প্রবেশ করে, তখনই মূলত সিক্রেটিনের ক্ষরণ হয়। এই সিক্রেটিন অতঃপর রক্তনালীর মাধ্যমে অগ্ন্যাশয়ে পৌঁছায় এবং সোডিয়াম বাইকার্বনেটের নিঃসরণ ঘটায়। সোডিয়াম বাইকার্বনেট ক্ষুদ্রান্ত্রে অবস্থিত অম্লীয় খাবারকে অম্লমুক্ত করে ক্ষুদ্রান্ত্রের শ্লেষ্মাস্তরকে রক্ষা করে। পাভলভ, বেলিস ও স্টারলিং অগ্ন্যাশয়ের এই সোডিয়াম বাইকার্বনেটের নিঃসরণই অবলোকন করেছিলেন।

সিক্রেটিন অন্ত্রের হরমোন। উনিশ শতকের আগে হরমোন সম্পর্কে একেবারেই জানাশোনা ছিল না বললে ভুল হবে। পৃথকভাবে কাজ করার কারণে এবং পৃথিবীর বিভিন্ন স্থানে হওয়া গবেষণা সম্পর্কে অন্যরা অজ্ঞ থাকায় সব কটি হরমোনের কার্যপ্রণালীকে একত্রে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যে ফেলা সম্ভব হয়নি। তা ছাড়া দেহের অভ্যন্তরীণ নিঃসরণের এই উপাদানগুলোকে একটি গোত্রভুক্ত করার কথাও কেউ কখনো চিন্তা করেনি। শারীরতত্ত্ববিদদের একটা বদ্ধমূল ধারণা ছিল যে হরমোনগুলো যদি এক স্থানে নিঃসৃত হয়ে অন্য স্থানে গিয়ে কাজ করে, তবে নিশ্চয়ই সেটা হস্তান্তরণের জন্য একটা মাধ্যম থাকবে। বিজ্ঞানীরা স্নায়ুকে সেই মাধ্যম বলে মনে করতেন। এ যেন তরঙ্গের জন্য ইথার মাধ্যম কল্পনার মতো কিছু একটা। বেলিস ও স্টারলিংই প্রথম হরমোনের সাধারণ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য নির্ধারণ করে দিয়েছিলেন। তাঁরা যখন কাজটি করেন, তখনো হরমোন শব্দটির উত্পত্তি হয়নি। গবেষকেরা এটাকে বলতেন অভ্যন্তরীণ নিঃসরণ। এমনকি হরমোনের সঙ্গে সম্পর্কিত বিদ্যা, যেটিকে আমরা এন্ডোক্রাইনোলজি নামে জানি, সেই শাখাটিও বহু পরে গঠন করা হয়েছিল। ১৯০৫ সালে রয়্যাল কলেজ অফ লন্ডন স্টারলিংয়ের জন্য চার সপ্তাহের একটি ধারাবাহিক বক্তৃতার আয়োজন করে, যেখানে তিনি প্রথবারের মতো হরমোন শব্দটি ব্যবহার করেন।

এবার মামলার বিষয়টিতে আসা যাক। ১৯০৩ সালে খোদ ব্রিটেনের গবেষণাগারগুলোতে প্রায় ১৯ হাজার ৮৪টি প্রাণী গবেষণার কাজে ব্যবহার করা হয়। ১৯৮৪ সাল পর্যন্ত সেখানে প্রায় ৩৫ লক্ষ জীবন্ত প্রাণীর ওপর গবেষণাকার্য চালানো হয়েছে। চিকিত্সাশাস্ত্রে কুকুর নিয়ে গবেষণা করাটা তত্কালীন ব্রিটেনের একটা স্বাভাবিক রীতি ছিল। এদিকে জীবচ্ছেদবিরোধী সংস্থাগুলোও ছিল এর বিরুদ্ধে সোচ্চার। আঠারো শতকের মধ্যবর্তী সময়কাল থেকে এ ধরনের সংগঠনগুলোর প্রকাশ ও বিকাশ ঘটতে থাকে। এই বিরোধিতার কারণে পরে ব্রিটেনে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়। তাতে বলা হয়, শুধু অনুমোদনপ্রাপ্ত গবেষকরাই জীবন্ত প্রাণী নিয়ে গবেষণা করতে পারবেন। একটি প্রাণীকে একাধিকবার গবেষণার জন্য ব্যবহার করা যাবে না, প্রাণীকে সঠিকভাবে অজ্ঞান করে নিতে হবে, ব্যথানাশক ওষুধ ব্যবহার করতে হবে ইত্যাদিসহ আরও কিছু শর্ত জুড়ে দেয়া হয়। জীবব্যবচ্ছেদবিরোধী দুজন ছাত্রী নিজেদের আসল পরিচয় গোপন করে বেলিস ও স্টারলিংয়ের দলের সঙ্গে মিশে যান এবং তাঁদের লেকচারগুলো অনুসরণ করতে থাকেন।

১৯০৩ সালের ফেব্রুয়ারি মাসে এমনই এক লেকচার ক্লাসে বেলিস একটি সংকর জাতের টেরিয়ার কুকুরের অঙ্গ ব্যবচ্ছেদ করে শিক্ষার্থীদের পাঠদান করছিলেন। এই একই কুকুর নিয়ে গবেষণা চলছিল দুই মাস ধরে। স্টারলিং অগ্ন্যাশয় নিয়ে গবেষণা শেষে কুকুরটি হস্তান্তর করেন সহকর্মী বেলিসের নিকট। শ্রেণিকক্ষে পাঠদানকালে একটি বিপত্তি ঘটে যায়। লালাগ্রন্থির ক্ষরণ পরীক্ষাটি দেখাতে গিয়ে আশানুরূপ ফল তো পাওয়া যাচ্ছিলই না, উপরন্তু কুকুরটিরও মৃত্যু ঘটে। এটাসহ আরও কিছু সাক্ষ্য-প্রমাণ জোগাড় করে জীবব্যবচ্ছেদের বিরুদ্ধাচরণ করে শিক্ষার্থী দুজন একটি বই লেখেন। পরে জাতীয় জীবব্যবচ্ছেদবিরোধী আন্দোলনের সভাপতি স্টিফেন কোলেরিজের কাছে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান। কোলেরিজ জীবব্যবচ্ছেদের বিরুদ্ধে জনমত গঠন করতে থাকেন এবং আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন স্থানে বক্তৃতা দিয়ে বেলিসের বিরুদ্ধে ব্রিটেনের জনগণকে খেপিয়ে তোলেন। এরই বদৌলতে বেলিস আইনের আশ্রয় নেন এবং কোলেরিজের বিরুদ্ধে মানহানির মামলা করে বসেন। বলাই বাহুল্য, মামলায় বেলিস জয়লাভ করেছিলেন। আসলে জয়লাভ করেছিল চিকিত্সাশাস্ত্রে গবেষণার সঙ্গে যুক্ত সব গবেষক।

একটা সময় ছিল, যখন চিকিত্সাবিজ্ঞানের গবেষণায় গবেষকদের এক জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতো। দেহকে বুঝতে ও জানতে হলে দেহের ভেতরে প্রবেশ বাধ্যতামূলক, আর ভেতরে ঢুকে প্রাণীর অভ্যন্তরীণ অঙ্গগুলোর কার্যকলাপ জানতে হলে চাই জীবন্ত প্রাণী। জীবন্ত মানুষ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোটা শুধু অমানবিকই নয়, অসম্ভবও বটে। এ জন্য শবদেহ ও উপযুক্ত প্রাণীই ছিল তখন একমাত্র ভরসা। এসব পরীক্ষার কারণেই চিকিত্সাবিজ্ঞান আজ জ্ঞানের এক পরিপূর্ণ শাখা। দৈহিক গঠনতন্ত্র ও শারীরবিদ্যা হয়েছে সমৃদ্ধ, তৈরি হয়েছে বিভিন্ন রোগ প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থা।

লেখক: চিকিৎসক, চট্টগ্রাম মেডিকেল কলেজ

সূত্র: ব্রিটানিকা ডটকম