ধানের ৩০০০ জিনোম প্রকল্প

বিশ্বের প্রায় অর্ধেক জনগোষ্ঠীর প্রধান খাদ্য হচ্ছে ভাত। বিশেষ করে এশিয়া মহাদেশে। প্রায় ৮ হাজার বছর আগে ধানের চাষাবাদ শুরু হয়। বর্তমানে বছরে প্রায় ১৬০ মিলিয়ন হেক্টর জমিতে বার্ষিক প্রায় ৫০০ মিলিয়ন টন ধান উৎপাদিত হয়। তবে সেটা ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে যথেষ্ট নয়। এই চাহিদা পূরণের জন্য ২০৩০ সাল নাগাদ ধানের উৎপাদন কমপক্ষে ২৫ শতাংশ বৃদ্ধি করতে হবে। কিন্তু জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা, খরা, বন্যা ইত্যাদি ধানের আশানুরূপ উৎপাদনকে ব্যাহত করছে। ধানের বৈচিত্র্যতার সংরক্ষণ এবং যথাযথ ব্যবহারের ওপর এর নিরবচ্ছিন্ন উৎপাদন নির্ভর করে। ধানের অন্তঃপ্রজাতি ও আন্তপ্রজাতি বৈচিত্র্য অন্য শস্য থেকে অনেক বেশি। এই বৈচিত্র্যই ধানের উন্নত জাত উদ্ভাবন এবং উৎপাদন বৃদ্ধির মূল ভিত্তি হিসেবে কাজ করে।

খাদ্যশস্য জাতীয় উদ্ভিদের মধ্যে ধানের জিনোম প্রথম সিকোয়েন্সিং করা হয় ২০০৫ সালে। পৃথিবীজুড়ে আনুমানিক ৭ লাখ ৮০ হাজার প্রজাতির ধান বিভিন্ন জিন ব্যাংকে সংরক্ষিত আছে। ধানের বৈচিত্র্য নিরূপণ এবং উপযুক্ত ব্যবহারের উদ্দেশ্যে ৩০০০ জিনোম প্রকল্প হাতে নেওয়া হয়। ২০১৪ সাল নাগাদ প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হয়। এটা ধান গবেষণায় বিশাল মাইলফলক। এই জিনোম প্রকল্পে ৮৯টি দেশের মোট ৩ হাজার প্রকারের ধান সংগ্রহ করা হয় পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য। এর মধ্যে যার ৭৭ দশমিক ১ শতাংশ দক্ষিণ–পূর্ব এশিয়া (৩৩ দশমিক ৯ শতাংশ), দক্ষিণ এশিয়া (২৫ দশমিক ৬ শতাংশ) এবং চীন (১৭ দশমিক ৬ শতাংশ) থেকে। এগুলোর মধ্যে বাংলাদেশি ধানের সংখ্যা আছে ১৮৩। আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠান (আইআরআরআই) এবং চায়নিজ একাডেমি অব সায়েন্সের (সিএএস) জিন ব্যাংক যথাক্রমে ২৪৬৬ এবং ৫৩৪ প্রজাতির ধান সরবরাহ করেছে।

পাকা ধানের ক্ষেত

ধানের জিনোম ৩৭৪ মিলিয়ন নিউক্লিওটাইড বা ভিত্তি বা অক্ষর নিয়ে গঠিত। জিনোম সিকোয়েন্সিংয়ের ক্ষেত্রে ৩০০০ জিনোমের গড় গভীরতা ছিল ১৪ এক্স। সহজ ভাষায় বলতে গেলে প্রতিটি ধানের জিনোমের কোনো একটা জায়গা ১৪ বার করে সিকোয়েন্সিং করা হয়েছে। জিনোমের গভীরতা ব্যাপ্তি ৪ থেকে ৬০ এক্স হলেও ২৩২২টি ধানের জিনোমের গভীরতা ছিল কমপক্ষে ১০ এক্স। জিনোম পরীক্ষা-নিরীক্ষার পর মোট ১৮ দশমিক ৯ মিলিয়ন একক ভিত্তির বহুরূপিতা (এসএনপি) পাওয়া গেছে। এসএনপি হচ্ছে জিনোমের একটি নির্দিষ্ট জায়গায় একটিমাত্র ভিত্তি বা অক্ষরের পরিবর্তন, এটা একটা জিনোম থেকে আরেকটা জিনোমের পার্থক্য নির্দেশ করে। সর্বোচ্চসংখ্যক এসএনপি পাওয়া গেছে ক্রোমোজোম ১, ৪ এবং ১১–তে। ক্রোমোজোম ৯, ১০ ও ৫–এ পাওয়া গেছে সর্বনিম্নসংখ্যক। মোট নিউক্লিওটাইড এসএনপির ১৮ দশমিক ২৪ শতাংশ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডে কোনো পরিবর্তন দেখা দেয় না। অর্থাৎ এসএনপির ফলে নিউক্লিওটাইডের সংকেতলিপি পরিবর্তিত হলেও অ্যামাইনো অ্যাসিড একই থাকে। প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত হয়, এই অ্যামাইনো অ্যাসিডের ক্রম নির্ধারিত হয় ৩টি নিউক্লিওটাইডের সংকেতলিপি আনুসারে ।

জাতিগত বিশ্লেষণের মাধ্যমে নির্বাচিত ২ লাখ এসএনপির ওপর ভিত্তি করে এই ৩০০০ ধান ৫টি স্বতন্ত্র গ্রুপে বিভক্ত হয়েছে। এর মধ্যে ২টি প্রধান গ্রুপ হচ্ছে জাপোনিকা ও ইন্ডিকা। সবচেয়ে বড় এবং বৈচিত্র্যসম্পন্ন গ্রুপ হচ্ছে ইন্ডিকা। এতে ১ হাজার ৭৬০ প্রকারের ধান (৫৮ দশমিক ২ শতাংশ) ৫টি উপদলে বিভক্ত। জাপোনিকা গ্রুপে মোট ৮৪৩ (২৭ দশমিক ৯ শতাংশ) প্রকারের ধান রয়েছে। সেগুলো ২টি পৃথক উপদলে বিভাজিত।

ধানের এসব বৈচিত্র্য, এসএনপি, গ্রুপ বিভক্তকরণ এবং জাতিগত বিশ্লেষণ ধান গবেষণায় নতুন দ্বার উন্মুক্ত করেছে। এগুলোকে উপযুক্ত ব্যবহারের মাধ্যমে প্রতিকূল পরিবেশসহিষ্ণু প্রজাতি উদ্ভাবন, বৈশিষ্ট্য উন্নতকরণ এবং জিনোমব্যাপী বৈচিত্র্যের সঙ্গে শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের সংযোগ বিশ্লেষণ করা সম্ভব ।

লেখক: প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এবং সহযোগী গবেষক, প্লান্ট বায়োটেকনোলজি ল্যাব, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা

সূত্র: গিগা সায়েন্স, নেচার