বইমেলায় বিজ্ঞানের বই

ফেব্রুয়ারি মাস বইপ্রেমীদের জন্য বছরের অন্যতম বড় উৎসব। নতুন বইয়ের গন্ধে চারদিকে আনন্দের ঢল নামে। প্রতিবছর অমর একুশে বইমেলার আয়োজন করে বাংলা একাডেমি। এ মাসেই প্রকাশিত হয় বছরের প্রায় সব নতুন বিজ্ঞানের বই। প্রতিবছর ফেব্রুয়ারি মাসে মেলা শুরু হয়ে মোটামুটি ফেব্রুয়ারি মাসেই শেষ হয়ে যায়। কিন্তু এবার নানা কারণে মেলা শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের শেষদিকে। মেলা চলবে মার্চের ১৫ তারিখ পর্যন্ত। ২০২৬ সালের বইমেলায় প্রকাশিত দারুণ সব বিজ্ঞান ও সায়েন্স ফিকশন থেকে বাছাইকৃত কিছু বই নিয়ে আমাদের এই আয়োজন।

অমর একুশে বইমেলাছবি: প্রথম আলো

১. ভিন জগতের গ্রহ এক্সোপ্ল্যানেট

লেখক: মুহম্মদ জাফর ইকবাল

প্রকাশক: অনুপম প্রকাশনী

পৃষ্ঠা: ১০৪

দাম: ৩৫০ টাকা

আমরা এত দিন ভাবতাম, মহাকাশের অন্য কোথাও যদি গ্রহ থাকে, তবে সেগুলো বুঝি আমাদের পৃথিবী বা বৃহস্পতির মতোই হবে। কিন্তু বিজ্ঞানীরা যখন আমাদের সৌরজগতের বাইরে নজর দিলেন, তখন তাঁদের চোখ কপালে উঠল! সেখানে এমন সব গ্রহের দেখা মিলল, যা আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি অদ্ভুত। বিজ্ঞানীরা এই ভিনগ্রহগুলোর নাম দিয়েছেন এক্সোপ্ল্যানেট। চেনা জগতের বাইরের সেই সব রহস্যময় ও রোমাঞ্চকর গ্রহের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেবে এই বইটি, যাদের অস্তিত্ব বিজ্ঞানের জয়যাত্রাকে আরও বিস্ময়কর করে তুলেছে।

২. সুন্দরবনের অণুজীব বৈচিত্র্য

লেখক: মৃত্যুঞ্জয় রায়

প্রকাশক: অনুপম প্রকাশনী

পৃষ্ঠা: ২৩০

দাম: ৬০০ টাকা

সুন্দরবন এক অদ্ভুত বন। এ বনের রূপ, সৌন্দর্য ও ঐশ্বর্য সঠিকভাবে বর্ণনা ও উপলব্ধি করা কঠিন। বনের কথা মনে হলেই সেখানকার গাছপালার কথা আমাদের প্রথম মনে পড়ে। কিন্তু একটু গভীরভাবে ভাবলেই আমরা বুঝতে পারব, সেই গাছগুলোকে কেন্দ্র করেই আবর্তিত হয় বহু প্রজাতির জীবের আশ্রয়, বেঁচে থাকা ও পারস্পরিক সম্পর্ক। লেখক মৃত্যুঞ্জয় রায় সুন্দরবনের সেসব অদেখা ও অজানা জীববৈচিত্র্য নিয়েই চমৎকার এই বইটি লিখেছেন।

৩. চা কফি আর স্পেশাল রিলেটিভিটি

লেখক: নাঈম হোসেন ফারুকী

প্রকাশক: প্রান্ত প্রকাশন

পৃষ্ঠা: ৩৮৮

দাম: ৫০০ টাকা

আমরা যখন আলোর কাছাকাছি প্রচণ্ড গতিতে চলি, তখন আমাদের চিরচেনা জগৎটা একদম বদলে যায়। সময় ধীর হয়ে আসে, কোনো কিছুর দৈর্ঘ্য ছোট হয়ে যায়, এমনকি ভরও বেড়ে যায়! উচ্চমাধ্যমিক পর্যায়ে আমরা এসব বিষয়ের অনেক গাণিতিক সূত্র বা অঙ্ক করেছি। কিন্তু সেগুলোর পেছনের আসল সৌন্দর্য কি সত্যিই অনুভব করতে পেরেছি? এই বইটি সেই না-বোঝা বিষয়গুলোকেই খুব সহজ করে বুঝিয়েছে। এটি শুধু গাণিতিক সূত্রের কোনো বই নয়; এটি জ্যামিতি এঁকে এঁকে বিশেষ আপেক্ষিকতা বোঝার এক অনন্য গাইড।

৪. সাক্ষাৎকার: স্টিফেন হকিং

সংকলন ও অনুবাদ: আবুল বাসার

প্রকাশক: জ্ঞানকোষ প্রকাশনী

পৃষ্ঠা: ১৪৪

দাম: ৩০০ টাকা

অদম্য ইচ্ছাশক্তির অধিকারী, প্রখ্যাত তাত্ত্বিক পদার্থবিদ স্টিফেন হকিংয়ের চিন্তা ও দর্শনের এক অনন্য দলিল এই বই। এতে সংকলিত হয়েছে তাঁর জীবনের চারটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার। শারীরিক সীমাবদ্ধতা জয় করে মহাবিশ্বের জটিল সব রহস্য তিনি কীভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন, তা এসব সাক্ষাৎকারে দারুণভাবে ধরা পড়েছে। পাঠকের মনে অজানার প্রতি চিরন্তন কৌতূহল জাগিয়ে তুলবে এই বই।

৫. দ্য নাম্বার ডেভিল

হ্যান্স ম্যাগনাস এনজেনসবার্গার

অনুবাদক: কাজী আকাশ

প্রকাশক: জ্ঞানকোষ প্রকাশনী

পৃষ্ঠা: ১৭৬

দাম: ৪০০ টাকা

অঙ্কের কথা শুনলেই রোহানের যেন গায়ে জ্বর আসে! ক্লাসে অঙ্ক স্যারের বকুনি খেয়ে ওর রাতের ঘুমই হারাম। কিন্তু এক রাতে ওর স্বপ্নে হাজির হয় এক সংখ্যার ভূত! এই ভূত কিন্তু মোটেও ভয়ংকর নয়। টানা ১২ রাতের ১২টি জাদুকরী স্বপ্নে সে রোহানকে নিয়ে যায় সংখ্যার এক অদ্ভুত দুনিয়ায়। সেখানে ১ হলো সব সংখ্যার বস, মৌলিক সংখ্যাগুলো ভীষণ একগুঁয়ে, আর শূন্য হলো সবচেয়ে রহস্যময়! যে অঙ্ককে রোহান এত দিন দুই চোখের বিষ মনে করত, সংখ্যার ভূতের পাল্লায় পড়ে সেই অঙ্কই হয়ে গেল তার সবচেয়ে প্রিয় খেলা। এই বইয়ে সংখ্যার ভূতের হাত ডুব দেওয়া যাবে সংখ্যার জাদুকরী দুনিয়ায়!

৬. প্রজেক্ট ক্যাসিওপিয়া

লেখক: মুহম্মদ জাফর ইকবাল

প্রকাশক: জ্ঞানকোষ প্রকাশনী

পৃষ্ঠা: ১২০

দাম: ২৮০ টাকা

এটি একটি বিজ্ঞান কল্পকাহিনি। মহাকাশ অভিযান প্রজেক্ট ক্যাসিওপিয়ার জন্য নভোচারী নির্বাচনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি অত্যন্ত বিপজ্জনক ও অনিশ্চিত অভিযান। তাই পৃথিবীতে যাঁরা সম্পূর্ণ বন্ধনমুক্ত, তাঁদেরই অগ্রাধিকার দেওয়া হবে! পৃথিবীর তিন প্রান্তের তিনজন বন্ধনমুক্ত নারী-পুরুষ এই অভিযানের জন্য নির্বাচিত হন। ধীরে ধীরে তাঁরা আবিষ্কার করেন, কেন এই অভিযানটি এত বিপজ্জনক ও অনিশ্চিত এবং কেন বিজ্ঞপ্তিতে বন্ধনমুক্ত প্রার্থীদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছিল।

প্রজেক্ট ক্যাসিওপিয়া ভবিষ্যৎ পৃথিবীর এমন এক প্রতিচ্ছবি, যখন পৃথিবীর মানুষ ভিন্ন ভিন্ন গ্রহে ছড়িয়ে পড়ে নিজেদের বিচিত্র এক সংস্কৃতি গড়ে তুলেছে। সেই বিপজ্জনক অভিযানের মধ্য দিয়ে বন্ধনমুক্ত অভিযাত্রীরা একসময় আবিষ্কার করেন, মহাকাশে টিকে থাকার জন্য তাঁদের নিজেদের ভেতরে নতুন করে একটি বন্ধন গড়ে তুলতে হবে।

৭. সময় এক আশ্চর্য ভবঘুরে

লেখক: তানজিনা হোসেন

প্রকাশক: বাতিঘর

পৃষ্ঠা: ১৪৪

দাম: ৪০০ টাকা

কাউকে অদৃশ্য করে দেওয়া কি কেবল কল্পনা, নাকি বিজ্ঞানের বাস্তব সম্ভাবনা? আলোকে কি সত্যিই বাঁকিয়ে ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করা যায়? আর ত্রিমাত্রিক জগতের রহস্যময় সত্তা সময়কে আমরা কতটা বুঝি? এসব প্রশ্ন সামনে রেখেই এগোয় বিজ্ঞান-কল্পকাহিনি সময় এক আশ্চর্য ভবঘুরে। শুরুতে গল্পটি যেন টানটান রহস্যকাহিনি। একটির পর একটি অদ্ভুত ঘটনা পাঠককে কৌতূহলী করে তোলে। ধীরে ধীরে পাঠক প্রবেশ করেন পদার্থবিদ্যা ও কোয়ান্টাম জগতের এক বিস্ময়কর ভুবনে। এখানে সময় কেবল প্রেক্ষাপট নয়, ঘটনার অন্যতম নিয়ামকও। তবু উপন্যাসটি নিছক বৈজ্ঞানিক কল্পকাহিনি হয়ে থাকে না; কারণ বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির মধ্যেও মানুষ তার অনুভূতি, দ্বন্দ্ব, প্রেম ও মানবিক দুর্বলতা নিয়ে উপস্থিত থাকে। ভিন্ন ভিন্ন জগতের কিছু মানুষের আকস্মিক সংযোগে অনন্য এক গল্পস্রোত তৈরি হয়। সেই স্রোতের সঙ্গেই এগিয়ে যান পাঠক।