গণিতকে ভালোবাসতে শেখার বই

গণিতের নাম শুনলেই অনেকে ভয়ে কুঁকড়ে যায়। ওরে বাবা! গণিতের বই! থাক, এর থেকে দূরে থাকাই ভালো। কিন্তু গণিত মানেই শুধু জটিল সমীকরণ নয়। গণিতও মজা করে শেখা যায়, আনন্দ নিয়ে করা যায়। সে জন্য চাই গণিতের প্রতি ভালোবাসা। গণিত আপনাকে চিন্তা করতে শেখাবে, ভাবতে শেখাবে। সাত ১৩ আরও ১২ বইটি আপনার সেই চিন্তার জগৎটাকে আরও এক ধাপ এগিয়ে দেবে।

বইয়ের নাম দেখে ভেতরের উপাদান বোঝার উপায় নেই। ইচ্ছে করেই সম্ভবত এমন নাম রেখেছেন লেখক। নামটাও আপনার অনুসন্ধিৎসু মনে চিন্তার রসদ জোগাবে।

এই বইয়ে মূলত ১০৩টি সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কোথাও কোথাও আছে ছোট প্রশ্ন। সেগুলো সমাধান করার সময় চিন্তার সুযোগ পাবেন আপনি। আবার কোনো কোনো প্রশ্নের শেষে দেওয়া হয়েছে সম্পূরক কয়েকটি প্রশ্ন। ভাবার সুযোগ থাকছে এগুলো নিয়েও।

সাত ১৩ আরও ১২, লেখক: মুনির হাসান, সকাল রায়, আহমেদ শাহরিয়ার, আশরাফুল আল শাকুর ও মাহতাব হোসাইন, প্রচ্ছদ: সাজু, প্রকাশক: আদর্শ, পৃষ্ঠা: ১৭৪, দাম: ৩৮০ টাকা

বইটি মোট ১১টি অধ্যায়ে সাজানো। প্রথম আটটি অধ্যায়ে আছে প্রশ্ন। অধ্যায়গুলো সাজানো হয়েছে বীজগণিত, সম্ভাব্যতা, গণনা ও জ্যামিতি নিয়ে। তবে শুধু ১০৩টি প্রশ্ন এবং প্রশ্নের সমাধান করাই বইয়ের মূল উদ্দেশ্য নয়। প্রতিটি অধ্যায়ের শুরুতে আছে মজার কিছু প্রশ্ন সমাধানের একাধিক উপায়। এরপর দেওয়া হয়েছে মূল প্রশ্নগুলো। শেষের তিনটি অধ্যায়ে আছে সমাধান। তবে শুধু সমাধান দেওয়ার জন্য এই বইটি লেখা হয়নি। বরং নিজে নিজে সমস্যা সমাধান করতে গিয়ে চিন্তাটা কীভাবে শুরু করতে হবে, সেটাই এই বইয়ের মূল উদ্দেশ্য।

তাহলে বইটি আসলে কাদের জন্য? এক কথায় যারা গণিত ভালোবাসেন বা গণিত ভীতি দূর করতে চান, তাঁদের জন্য এই বই। আবার গণিত অলিম্পিয়াডের অংশগ্রহণকারীদেরও জন্য কাজে লাগবে। বইটি পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা একসময় নিজেরাই গণিতের নানা সমস্যা সমাধানের পথ আবিষ্কার করতে পারবেন। শুধু এটুকুই নয়। তাঁদের আবিষ্কৃত পথগুলো সঠিক কি না, সেটা যাচাই করার পদ্ধতিও নিজেরাই শিখতে পারবেন। এক কথায় গণিতের প্রতি ভালোবাসা তৈরি করতে এ বইটি ভালো ভূমিকা রাখবে।

বইটি লিখেছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, সকাল রায়, আহমেদ শাহরিয়ার, আশরাফুল আল শাকুর ও মাহতাব হোসাইন। বাকি চারজনও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির পরামর্শক। সুতরাং যাঁরা গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে চান, তাঁরা এ বইটি পড়তে পারেন। বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ করেছেন সাজু। প্রকাশ করেছে আদর্শ প্রকাশনী।থেকে।

সাত ১৩ আরও ১২ অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে আদর্শ প্রকাশনীর স্টলে। তাছাড়া বইটি পাওয়া যাচ্ছে অনলাইন বুকশপগুলোতেও।