আইনস্টাইনের আপেক্ষিক জীবন

১৯০৫ সাল—আমরা তখন ভাঙা ভূখণ্ড আর ভাঙা মন সামলাতে ব্যস্ত, অন্যদিকে সুইস পেটেন্ট অফিসের এক অখ্যাত কর্মচারী ভাঙচুর চালাচ্ছিলেন আমাদের চিন্তার জগতে। সে বছরই তাঁর পাঁচটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছিল শ্রাইটশিফট ফ্যুর ফিজিকে। কোনোটিই কারোর চেয়ে কম নয়। সে এক বিস্ময় বছর ছিল তাঁর জন্য, পদার্থবিজ্ঞানের জন্যও। সেদিনের সুইস পেটেন্ট অফিসের অখ্যাত ক্লার্ক আজ জগৎজুড়ে বিখ্যাত—অ্যালবার্ট আইনস্টাইন।

আইনস্টাইন: জীবন ও আপেক্ষিক তত্ত্ব - শিশিরকুমার ভট্টাচার্য; প্রকাশক: প্রথমা প্রকাশন প্রচ্ছদ: মাসুক হেলাল; প্রকাশকাল: এপ্রিল ২০১৯; মুদ্রিত মূল্য: ৩৫০ টাকা

বইটির বেশিরভাগ অংশ জুড়েই আছে আইনস্টাইনের জীবন। জার্মানিতে জন্ম নেয়া এই বিজ্ঞানী পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় সব প্রতিকূলতা পেরিয়ে হয়ে উঠলেন আমাদের কালের নায়ক, পালটে ফেললেন আমাদের মহাবিশ্বকে দেখার চোখ—সেই কাহিনিই জানা যাবে এই বইয়ে। সঙ্গে আছে আপেক্ষিক তত্ত্বের পরিচয়। এ তত্ত্বকে যতটা সম্ভব সহজ করে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, তবে মাথায় রাখা হয়েছে, কোনোভাবেই যেন ক্ষুণ্ণ না হয় এর স্বাভাবিক বৈজ্ঞানিক সৌন্দর্য।

সবমিলিয়ে বলা যায়, কেবল সাধারণ আপেক্ষিকতার জটিল তাত্ত্বিক অংশটুকু বাদ দিলে 'আইনস্টাইন জীবন ও আপেক্ষিক তত্ত্ব' হল সহজ ও সাবলীল ভাষায় বিজ্ঞানের সহজিয়া সৌন্দর্যের সাথে পূর্ণাঙ্গ আইনস্টাইনপাঠ।

লেখক: শিক্ষার্থী, ঢাকা মেডিকেল কলেজ