বয়স বাড়লে মানুষের মস্তিষ্কও কি বুড়ো হয়

বয়স বাড়লে মানুষের শারীরিক গঠনে পরিবর্তন আসে। শারীরিক বৃদ্ধি ঘটে। কিন্তু একপর্যায়ে বার্ধক্যের এই গতি কমে আসে। একসময় বলি, বুড়ো হয়ে যাচ্ছি। এটাই স্বাভাবিক। কিন্তু মস্তিষ্কের গঠনবৈচিত্র্য একটু ভিন্ন। বয়সের সঙ্গে সঙ্গে মস্তিষ্কও বুড়ো হয়, কিন্তু এই বার্ধক্য একটু ভিন্ন ধরনের। অনেক সময় দেখা যায়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দৈহিক উচ্চতা হয়তো আর বাড়ে না, কিন্তু মস্তিষ্কের বুদ্ধি–বিবেচনা বাড়ে। এ বিষয় নিয়ে অনেক গবেষণা হয়েছে। হার্ভার্ডের নিউরোলজিস্ট লেহ এইচ সমারভিল নিউরন জার্নালে এই বিষয়ে একটি নিবন্ধ লেখেন। তিনি বলেন, মানুষের মস্তিষ্ক ১০ বছরের মধ্যে পূর্ণ আকার ধারণ করে। কিন্তু যে নিউরন দিয়ে মস্তিষ্ক গঠিত, সেগুলো এরপরও পরিবর্তিত হতে থাকে (সূত্র: নিউইয়র্ক টাইমস, ২১ ডিসেম্বর ২০১৬)। যখন মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে নতুন নতুন সংযোগ স্থাপিত হয়, তখন পার্শ্ববর্তী নিউরনগুলোর মধ্যে সংযোগেরও কাটছাঁট হয়। এই পুনরাকৃতি ধারণের প্রক্রিয়ার গতি শেষ পর্যন্ত কমে আসে। এটা মস্তিষ্কের পরিণতি প্রাপ্তির লক্ষণ।

কিন্তু মস্তিষ্কের বিভিন্ন অংশে এই পরিবর্তনের ধারা বিভিন্ন গতিতে ঘটে। মস্তিষ্কের ফ্রন্টাল লোবের এমআরআই স্ক্যানে দেখা গেছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের পুনর্বিন্যাসের গতি কমে যায়। কিন্তু ফ্রন্টাল লোবে, এমনকি ৩০ বছর বয়সেও নিউরনের নতুন নতুন সংযোগ সৃষ্টি হয়। সম্প্রতি বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত ব্যায়ামের ফলে বৃদ্ধ বয়সেও মানুষের মস্তিষ্কে নিউরনের নতুন নতুন সংযোগ সৃষ্টি হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্যায়ামের ধরনও বদলাতে হয়। বেশি বয়সে সাধারণত হালকা ব্যায়াম করার কথা বিশেষজ্ঞরা বলেন।

*লেখাটি ২০২৫ সালে বিজ্ঞানচিন্তায় জানুয়ারি সংখ্যায় প্রকাশিত

আরও পড়ুন