পুকুরের পানিতে মাছ সাঁতার কেটে বেড়ায়। পিঠের দিকটি থাকে ওপরে আর পেটের দিক নিচে। এটাই স্বাভাবিক। কিন্তু মরে গেলে মাছ উল্টো হয়ে ভেসে থাকে। কারণ, মরার পর মাছের পেটের ভেতরের নাড়িভুঁড়িতে পচন ধরে। ফলে সৃষ্ট গ্যাস পেটের ভেতরের ফাঁপা স্থানে জমে। গ্যাস হালকা। তাই মরা মাছের পেটের দিক পানির ওপরে ভেসে ওঠে আর পিঠের কাঁটা ও মাথার শক্ত ও ভারী কাঠামো পানির নিচের দিকে চলে যায়।
মাছের পেটে ফাঁকা স্থান থাকে। এর ভেতরে প্রয়োজনীয় বাতাস জমিয়ে রাখা যায়। এ ব্যবস্থায় জীবন্ত মাছ পানির ভেতর ভারসাম্য রক্ষা করে চলাফেরা করতে পারে। কিন্তু মরে যাওয়ার পর পেটে জমে ওঠা গ্যাসের চাপে মাছ পুকুরের পানিতে উল্টো হয়ে ভেসে ওঠে।
*লেখাটি ২০২২ সালে বিজ্ঞানচিন্তার এপ্রিল সংখ্যায় প্রকাশিত