সমুদ্র থেকে এক বালতি পানি তুললে কি সমুদ্রের পানি কমে যাবে
শিরোনাম দেখে হয়তো অনেকেই গালে হাত দিয়ে একটু ভাবছেন, এত বিশাল সমুদ্র থেকে এক বালতি পানি তুললে কি সমুদ্রের পানি আসলেই কমে যাবে? চলুন দেখে নেওয়া যাক, সমুদ্র থেকে এক বালতি পানি তুললে আসলেই সমুদ্রের পানি কমে কি না।
প্রথমে একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু বোঝার চেষ্টা করা যাক। ধরুন, আপনি একটি গ্লাসে প্রায় উপচে পড়ার মতো পানি ভরলেন। এরপর সেই গ্লাস থেকে এক চা-চামচ পরিমাণ পানি খুব সাবধানে তুলে নিলেন। দেখবেন গ্লাসের উপচে পড়া পানির স্তর কিছুটা কমেছে ঠিকই, কিন্তু সেই কমে যাওয়াটা খালি চোখে খুব একটা ধরা পড়বে না।
একই কাজ যদি কোনো বাথটাবে পানিপূর্ণ করে করা হয়, তখনো এই সামান্য পরিবর্তন আমাদের চোখে ধরা পড়বে না। ঠিক একই রকম ঘটনা বিশাল সমুদ্রের ক্ষেত্রেও ঘটে। সমুদ্র থেকে যদি এক বালতি পানি তুলে নেওয়া হয়, তবে সমুদ্রের পানি তো কমে ঠিকই; কিন্তু সেই কমে যাওয়াটা এতটাই সামান্য যে আমরা তা কোনোভাবেই টের পাই না।
এখন ভাবুন, সমুদ্র কত বিশাল। ধরুন, আপনার বালতিতে ১০ লিটার পানি ধরে। পৃথিবীর সব সমুদ্র মিলিয়ে যে পরিমাণ পানি আছে, তার সব যদি আপনার এই ১০ লিটারের বালতিতে ভরতে হয়, তাহলে প্রায় ১৩৭ মিলিয়ন মিলিয়ন মিলিয়ন সংখ্যক বালতি প্রয়োজন হবে!
পৃথিবীর সব সমুদ্র মিলিয়ে যে পরিমাণ পানি আছে, তার সব যদি আপনার এই ১০ লিটারের বালতিতে ভরতে হয়, তাহলে প্রায় ১৩৭ মিলিয়ন মিলিয়ন মিলিয়ন সংখ্যক বালতি প্রয়োজন হবে!
হিসাব করে দেখা গেছে, কোনো সমুদ্র থেকে যদি মাত্র এক বালতি পানি তুলে নেওয়া হয়, তাহলে সমুদ্রের পানির স্তর কমবে প্রায় ০.০০০০০০০০০০২৭৭ মিলিমিটার। মিলিমিটারের পরিমাপ কতটা ছোট, তা আমরা সবাই জানি। কিন্তু এই মানটি তার চেয়েও অনেক বেশি ছোট। বলা যায়, একটা ক্ষুদ্র পরমাণুর তুলনায়ও বেশ ছোট।
তাই বলা যায়, সমুদ্র থেকে এক বালতি পানি তুললে সমুদ্রের পানির পরিমাণ কমবে ঠিকই, কিন্তু সেটা এত সামান্য যে পৃথিবীর কোনো যন্ত্র দিয়ে তা মাপা সম্ভব নয়।