প্রতিদিনের রসায়ন

তরল প্রসাধনসামগ্রীর মধ্যে শ্যাম্পু আর টুথপেস্ট আমরা প্রায় প্রতিদিনই ব্যবহার করে থাকি। দুটিতেই ফেনা বা ফোম তৈরি হয়। কোন উপাদানের জন্য ফেনা তৈরি হয়? বোতল বা টিউবের গায়ে একটু চোখ বুলিয়ে নিলেই দেখতে পাবেন, দুটোতেই একটা কমন উপাদান ব্যবহার করা হয়। তার নাম সোডিয়াম লরাইল সালফেট। অবশ্য কখনো কখনো সোডিয়াম লরাইল সালফেটের পরিবর্তে এর মতোই আরেকটি উপাদান ব্যবহার করা হয়। তার নাম সোডিয়াম লরেথ সালফেট।

রসায়নের ভাষায় দুটোই সারফেক্ট্যান্ট। সারফেক্ট্যান্ট এমন একটি জৈব পদার্থ, যার রাসায়নিক গঠনে হাইড্রোফোবিক (পানিগ্রাসী) ও হাইড্রোফিলিক (পানিগ্রাহী)—দুটি অংশই রয়েছে। সারফেক্ট্যান্ট পানির পৃষ্ঠচাপ কমিয়ে সহজে ফেনা তৈরি করে ও ফেনার বুদ্‌বুদকে স্থায়ী করে। এতে ভালো পরিষ্কার হয়। চুলের তৈলাক্ত ময়লা সারফেক্ট্যান্ট সহজে দূর করে। সারফেক্ট্যান্টের পানিগ্রাসী অংশ তেলজাতীয় ময়লাকে আটকে ফেলে, পানিগ্রাহী অংশ পানির সঙ্গে মিশিয়ে ময়লাকে ধুয়ে ফেলে।

এখানকার সময়ে আমাদের ব্যবহৃত জিনিসের মধ্যে কোনো রাসায়নিকের নাম শুনলেই আমরা ভয় পাই। রাসায়নিক উপাদান মানেই যেন ক্যানসার সৃষ্টিকারী উপাদান। এই আতঙ্কে আমরা ভুগি। সোডিয়াম লরাইল সালফেট বা লরেথ সালফেটকেও নিয়েও অনেকের মধ্যে ক্যানসারের আতঙ্ক কাজ করে।

সোডিয়াম লরাইল সালফেটকে নিয়ে ক্যানসারের কোনো ঝুঁকি একেবারেই নেই, যদি না আপনি সাড়ে সাত কেজি টুথপেস্ট একেবারে গিলে খেয়ে ফেলেন! সোডিয়াম লরেথ সালফেটের ব্যবহার শ্যাম্পুতে বেশি দেখা যায়। কারণ, এটিতে চোখ কম জ্বালাপোড়া করে। কিন্তু সোডিয়াম লরেথ সালফেটের ক্ষেত্রে ক্যানসারের পরোক্ষ ঝুঁকি থাকে। এটি নিজে কোনো ক্যানসার সৃষ্টিকারী উপাদান নয়। তবে রাসায়নিক বিক্রিয়ার এটি উপজাত হিসেবে ১, ৪-ডাই–অক্সেন তৈরি করে, যা প্রাণীদের দেহে ক্যানসার সৃষ্টির জন্য দায়ী বলে প্রমাণ পাওয়া গেছে। কিন্তু মানুষের দেহে ক্যানসার তৈরির কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারপরও কেন সোডিয়াম লরেথ সালফেট শ্যাম্পুতে ব্যবহার করা হয়? কারণ, শাম্পু আমরা মাথার ত্বকে ব্যবহার করি। ত্বকের মধ্য দিয়ে ১, ৪-ডাই–অক্সেন খুব অল্প পরিমাণে শোষিত হয়, যা আবার সহজেই পরিষ্কার হয়ে চলে যায়। আবার শ্যাম্পুর মধ্যেও ১, ৪-ডাই–অক্সেনের পরিমাণ থাকে খুবই কম। সব মিলিয়ে আপনি প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করলেও ক্যানসারের কোনো ঝুঁকি নেই।

আবার সোডিয়াম লরাইল সালফেটে ফেরত আসা যাক। ক্যানসারের ঝুঁকি শূন্য বলে টুথপেস্টে এটি ফেনা তৈরিকারী উপাদান হিসেবে ব্যবহার করা হয়। এখানে অবশ্য কিছু সমস্যা তৈরি হয়। যেমন টুথপেস্ট দিয়ে দাঁত মাজার পর কখনো মিষ্টি ফলের জুস খেয়ে দেখেছেন কী? নিশ্চয়ই সেটা তখন মিষ্টি লাগে না, তিতা হয়ে যায়! এটা হয় সোডিয়াম লরাইল সালফেটের জন্য। এটি আমাদের মুখের মিষ্টি স্বাদ গ্রহণকারী রিসেপ্টরকে অকার্যকর করে দেয়। একই সঙ্গে ফসফোলিপিডকে ভেঙে ফেলে। ফসফোলিপিড তিতা স্বাদ গ্রহণকারী রিসেপ্টরকে বাধা দিয়ে রাখত। এটি ভেঙে ফেলার কারণে মিষ্টি জিনিস খেলেও তিতা লাগে।

এ ছাড়া ইঞ্জিন থেকে গ্রিজ পরিষ্কার করতে বা ফ্লোর ক্লিনার হিসেবে সোডিয়াম লরাইল সালফেট ব্যবহার করা হয়। কীটনাশকেও এটি একটি নিষ্ক্রিয় উপাদান হিসেবে ব্যবহার করা হয়।