আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াড জুনিয়রে বাংলাদেশের ব্রোঞ্জপদক
৫ম আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড জুনিয়রে একটি ব্রোঞ্জ পদক ও একটি সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশ দল। বাংলাদেশের হয়ে ব্রোঞ্জপদক পেয়েছে রাজশাহী কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. রিদওয়ান মোশাররফ। সম্মানজনক স্বীকৃতি পেয়েছে গ্রিন হিল ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আনোভা ইয়ানা চৌধুরী।
চলতি বছর ১-৮ নভেম্বর থাইল্যান্ডের উবোন রাতচাতানি শহরে অনুষ্ঠিত হয়েছে এবারের অলিম্পিয়াড। এতে বিশ্বের ২৫টি দেশের ১০৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন দেশের ৫৩ জন দলনেতা ও পর্যবেক্ষকও অংশ নিয়েছেন এই আয়োজনে। সব মিলিয়ে এবারের আসরে অংশগ্রহণকারীর সংখ্যা ১৫৭।
অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান হয় ২ নভেম্বর। জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞানের তাত্ত্বিক সমস্যা সমাধান, উপাত্ত বিশ্লেষণ এবং মহাকাশ পর্যবেক্ষণভিত্তিক বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে প্রতিযোগীদের দক্ষতার মূল্যায়ন করা হয়। ৮ নভেম্বর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের আয়োজন।
থাইল্যান্ডের উবোন রাতচাতানি বিশ্ববিদ্যালয়, প্রমোশন অব অলিম্পিয়াড অ্যান্ড সায়েন্স এডুকেশন ফাউন্ডেশন এবং ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট অব থাইল্যান্ড যৌথভাবে আয়োজন করেছে এবারের অলিম্পিয়াড।