প্রকাশিত হলো ৯ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৩-এর অনলাইন বাছাই পর্বের ফলাফল। এ পর্বে উত্তীর্ণরা সশরীরে ও অনলাইনে বাছাই পর্বে অংশ নিতে পারবে। পরে আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হবে জাতীয় পর্ব। অনলাইন বাছাই অলিম্পিয়াডের ফলাফল জানা যাবে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ফলাফলের সঙ্গে নির্বাচিতদের ভেন্যু ও আঞ্চলিক অলিম্পিয়াডের তারিখও জানা যাবে। ফলাফলের লিংক: online.bdjso.org/result/s2023।
এর আগে, ৩ আগস্ট গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত হয় বিডিজেএসও ২৩-এর প্রথম স্কুল অলিম্পিয়াড। এরপর যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ও দিনাজপুরের বিরল উপজেলায় অলিম্পিয়াড আয়োজিত হয়।
এবারের অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে তিনটি ধাপে। প্রথমে অনলাইন বাছাই পর্ব থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে ৪টি জেলায় আয়োজিত হবে চারটি আঞ্চলিক পর্ব এবং ৪টি অনলাইন পর্ব। ১৮ আগস্ট খুলনায়, ১৯ আগস্ট চট্টগ্রাম ও নেত্রকোনায়, ২৬ আগস্ট ঢাকায় ও বাকি অন্যন্য জেলার শিক্ষার্থীরা ২৫ আগস্ট অনলাইনে আঞ্চলিক অলিম্পিয়াডে অংশ নেবে। এরপর জেলা পর্বের বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে রাজধানী ঢাকায় আয়োজিত হবে জাতীয় পর্ব। এ পর্বে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্প করা হবে। ক্যাম্পের ফলাফল ও অন্যান্য দিক বিবেচনা করে বাছাই করা হবে ৬ জনকে। তারাই থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নেবে।
বিডিজেএসও যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। আয়োজনের টাইটেল স্পন্সর আল আরাফাহ্ ইসলামি ব্যাংক লিমিটেড। সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো। ম্যাগাজিন পার্টনার হিসেবে আছে কিশোর আলো এবং বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা। অলিম্পিয়াডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই লিংকে: www.bdjso.org।