বিজ্ঞানচিন্তার কার্যালয়ে গবেষক এহসান হক

গবেষক এহসান হকছবি: সৈয়দ জাকির হোসেন

বিজ্ঞানচিন্তার কার্যালয়ে এলেন সৌদি আরবের সৌদি ডেটা অ্যান্ড এআই অথরিটির প্রধান গবেষক এহসান হক। ১৭ এপ্রিল, বুধবার বিকেলে বিজ্ঞানচিন্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে আসেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার এবং সম্পাদনা দলের সদস্য কাজী আকাশ। সেখানে বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিজ্ঞানবিষয়ক বই, বিজ্ঞান কল্পকাহিনিসহ সাম্প্রতিক আরও নানা বিষয়ে আলোচনা হয়।

এ গবেষক মনে করেন, দেশে তরুণদের নিয়ে আরও বেশি গবেষণামূলক কাজ করা দরকার। বিশ্বব্যাপী এখন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হচ্ছে। দেশের শিক্ষার্থীদের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শেখানো উচিৎ। কারণ ভবিষ্যতে যে দেশ এআই খাতে যত এগিয়ে থাকবে, সে দেশ তত উন্নত হবে।

বিজ্ঞানচিন্তা হাতে গবেষক এহসান হক
ছবি: সৈয়দ জাকির হোসেন

এহসান হক বর্তমানে সৌদি আরবে কর্মরত। তাঁর জন্ম ঢাকায়, ১৯৮১ সালে। শৈশবে রাজধানীর উদয়ন স্কুলে পড়াশোনা করে উচ্চমাধ্যমিক পাশ করেছেন ঢাকা কলেজ থেকে। এরপর উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে কম্পিউটারবিজ্ঞানের ওপর স্নাতক করেন। পিএইচডি করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে। ২০১৬ সালে এমআইটি টেক রিভিউ ৩৫ বছরের কম বয়সী বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের একজন হিসেবে ভূষিত করে তাঁকে। ২০১৭ সালে সায়েন্স নিউজ তাঁকে ‘টেন সায়েন্টিস্ট টু ওয়াচ’ হিসাবে চিহ্নিত করে। ২০১৪, ২০১৬ এবং ২০১৯ সালে গুগল ফ্যাকাল্টি অ্যাওয়ার্ড পেয়েছেন। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব মেডিসিন তাঁকে চিকিৎসা ও স্বাস্থ্যক্ষেত্রে একজন উদীয়মান পথপ্রদর্শক হিসেবে ঘোষণা দিয়েছে।

এহসান হক শুরু থেকেই বিজ্ঞানচিন্তার সঙ্গে আছেন। তিনি নিয়মিত বিজ্ঞানচিন্তায় লেখেন।