আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের বাংলাদেশ জাতীয় পর্ব ৩১ অক্টোবর
আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের (আইএআইও) বাংলাদেশ জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী ৩১ অক্টোবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে সকাল সাড়ে আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এখান থেকে বাছাই করা শিক্ষার্থীরাই ২০২৭ সালের ২৫ ফেব্রুয়ারি ভিয়েতনামে অনুষ্ঠেয় আইএআইওতে বাংলাদেশের হয়ে লড়বে।
আইএআইওর জন্য জাতীয় দল গঠনের এই আয়োজন এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এর আগে, ১৫-২৭ অক্টোবর পর্যন্ত অনলাইনে অলিম্পিয়াডের নিবন্ধন চলে। এতে সারা দেশের ৪০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির অর্ধশতাধিক শিক্ষার্থী সাড়া দিয়েছে। প্রতিযোগীদের বয়স ১১-১৯ বছরের মধ্যে। তবে বেশিরভাগ শিক্ষার্থীই একাদশ ও দ্বাদশ শ্রেণির। নীলফামারী, বগুড়া, রাজশাহী, পাবনা, যশোর, খুলনা, নড়াইল, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের ১৪টি জেলা থেকে প্রতিযোগীরা আসছে। নিবন্ধনকারীদের অর্ধেকের বেশি শিক্ষার্থী এর আগেও বাংলাদেশ এআই অলিম্পিয়াডে অংশ নিয়েছে। তবে একক প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছে নটর ডেম কলেজ থেকে।
এবারের জাতীয় পর্ব দুটি ভাগে অনুষ্ঠিত হবে। প্রথম ভাগে থাকছে লিখিত গাণিতিক পরীক্ষা, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তি হিসেবে প্রতিযোগীদের গণিতের দক্ষতা যাচাই করা হবে। দ্বিতীয় ভাগে প্রতিযোগীরা অংশ নেবে মেশিন লার্নিং প্রতিযোগিতায়। এটি অনুষ্ঠিত হবে বিশ্বের অন্যতম জনপ্রিয় ডেটা সায়েন্স প্ল্যাটফর্ম কাগল-এ। এখানে ডেটা নিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে।
জাতীয় পর্বে ভালো করা শিক্ষার্থীদের নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে দুই দিনের উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। আগামী ২ ও ৩ নভেম্বর এটি আয়োজিত হতে পারে। এরপর ৬ ও ৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটিতে হবে টিম সিলেকশন টেস্ট বা চূড়ান্ত বাছাই পরীক্ষা। এই চূড়ান্ত বাছাইয়ে উত্তীর্ণরাই ভিয়েতনামে বাংলাদেশ দলের সদস্য হিসেবে মনোনীত হবে।
বাংলাদেশ এআই অলিম্পিয়াড দলের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন। কোচ হিসেবে আছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজম খান এবং একাডেমিক কো-অর্ডিনেটরের দায়িত্বে আছেন তাসনিম মাহফুজ নাফিস।
উল্লেখ্য, আইএআইও হলো স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ মেধাবীরা তাদের তাত্ত্বিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতার প্রমাণ দেয়।
অলিম্পিয়াডটির আয়োজন করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। নলেজ ও ভেন্যু পার্টনার হিসেবে যুক্ত আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগ।