আলোর ইশকুলে প্রফুল্ল চন্দ্র রায়কে নিয়ে বিজ্ঞান বক্তৃতা আজ

স্যার প্রফুল্ল চন্দ্র রায়কে নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত হবে বক্তৃতা অনুষ্ঠান। আজ ২৫ মে, শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্রের ৫০৫ নম্বর কক্ষে এ আলোচনা অনুষ্ঠান আয়োজিত হবে। আলোর ইশকুলের আওতাধীন ‘বাঙালির বিজ্ঞানচর্চা’ সিরিজের প্রথম পর্ব হিসেবে আয়োজিত হচ্ছে এটি।

এতে বক্তব্য রাখবেন গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ও বিজ্ঞানকর্মী মুনির হাসান। ‘স্যার প্রফুল্ল চন্দ্র রায়: ভুলে যাওয়া উদ্যোক্তা বিজ্ঞানী’ শিরোনামের এ আলোচনায় জানা যাবে প্রফুল্ল চন্দ্র রায়ের জীবন ও গবেষণার নানাদিক।

প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন একাধারে শিক্ষক, রসায়নবিদ, দার্শনিক ও কবি। তিনি ১৯০১ সালে প্রথম ভারতে বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস কোম্পানি প্রতিষ্ঠা করেন। মার্কারি নাইট্রেটও (Hg2(NO3)2) তাঁর আবিষ্কার। পাশাপাশি তিনি আরও ১২টি যৌগিক লবন ও ৫টি থায়োএস্টার আবিষ্কার করেন। বাঙালি এই বিজ্ঞানীর জন্ম বাংলাদেশের খুলনা জেলায়। আচার্য জগদীশ্চন্দ্র বসু তাঁর সহকর্মী ছিলেন।

আলোর ইশকুল বিশ্বসাহিত্য কেন্দ্রের উৎকর্ষধর্মী কর্মসূচী। এতে সঙ্গীত, সাহিত্য, চিত্রকলা, স্থাপত্য, ভাস্কর্য, চলচ্চিত্র থেকে শুরু করে ইতিহাস, বিজ্ঞান, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে উৎকর্ষ চক্র ও বক্তৃতা অনুষ্ঠিত হয়। এরকম একটি বিজ্ঞান বক্তৃতা সিরিজের নাম ‘বাঙালির বিজ্ঞানচর্চা। এ সিরিজের দ্বিতীয় পর্ব, ‘বাঙালির বিজ্ঞানচর্চা: ২’ হিসেবে আয়োজিত হচ্ছে প্রফুল্ল চন্দ্র রায়কে নিয়ে এ বক্তৃতা। এসব বক্তৃতায় অংশ নিতে নির্ধারিত সময়ে নিবন্ধন করতে হয়।

আলোর ইশকুল নিয়ে বিস্তারিত জানতে দেখুন: bskbd.org/aalor-ishkool।