বরিশাল ও খুলনা বিজ্ঞান উৎসবের তারিখ পরিবর্তন

পরিবর্তন করা হলো বরিশাল ও খুলনা বিজ্ঞান উৎসবের তারিখ। বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের বরিশাল ও খুলনা আঞ্চলিক পর্বের তারিখ ঠিক করা হয়েছিলো যথাক্রমে ২৮ ও ২৯ ডিসেম্বর। অনিবার্য কারণে এ তারিখ পরিবর্তন করা হলো। কবে, কোথায় পর্দা উঠবে বরিশাল ও খুলনা বিজ্ঞান উৎসবের, তা জানানো হবে শিগগিরই। তবে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সুসংবাদ, নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। বরিশাল ও খুলনা আঞ্চলিক পর্বে অংশগ্রহণের জন্য নিবন্ধন করা যাবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। 

এই উৎসবে বিজ্ঞান প্রজেক্ট ও কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে স্কুল শিক্ষার্থীরা। কুইজ বা বিজ্ঞান প্রজেক্টে রেজিস্ট্রেশনের মাধ্যমে বরিশাল ও খুলনা বিভাগের ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীরা উৎসবে অংশগ্রহণ করতে পারবে।

রেজিস্ট্রেশনের জন্য অংশগ্রহণকারীকে (প্রজেক্টের ক্ষেত্রে দলের অন্তত একজন সদস্য) বরিশাল ও খুলনার প্রথম আলো কার্যালয়ে সশরীরে উপস্থিত হতে হবে। বরিশাল প্রথম আলো অফিসের ঠিকানা: হেলেনা প্যালেস, ৫৫৭, পুলিশ লাইনস রোড, বাংলাবাজার মোড়, বরিশাল। খুলনা প্রথম আলো অফিসের ঠিকানা: ৩৩৫-এ, শেরেবাংলা রোড, ময়লাপোতার মোড়, খুলনা।

'আগে আসলে আগে পাবেন' ভিত্তিতে চলছে রেজিস্ট্রেশন। সম্পূর্ণ বিনামূল্যে বিজ্ঞান উৎসবের রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের বা দলের সব সদস্যের নাম, ঠিকানা, স্কুলের  নাম ও ক্যাটাগরি উল্লেখ করতে হবে। রেজিস্ট্রেশনের সময় সঙ্গে আনতে হবে স্কুলের পরিচয়পত্র বা বেতন রশিদ। শুক্রবার বাদে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন।

প্রজেক্ট প্রদর্শনী বিভাগে অংশ নিতে পারবে ৬ষ্ঠ-১০ম শেণির শিক্ষার্থীরা। একক বা দলগতভাবে অংশ নেওয়া যাবে প্রজেক্ট বিভাগে। একটি দলে একই স্কুলের সর্বোচ্চ ৩ জন অংশ নিতে পারবে। বলে রাখা প্রয়োজন, প্রজেক্টের জন্য বিদ্যুৎ সরবরাহ করা হবে না। প্রয়োজনে ব্যাটারি নিয়ে আসতে হবে নিজেদের।

কুইজ প্রতিযোগিতায় থাকবে দুটি ক্যাটাগরি। ‘নিম্নমাধ্যমিক’ ক্যাটাগরিতে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। ‘মাধ্যমিক’ ক্যাটাগরিতে অংশ নিতে পারবে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা। পাশাপাশি চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীরাও অংশ নিতে পারবে এ আয়োজনে। তবে কুইজে সবাইকে এককভাবে অংশগ্রহণ করতে হবে। একই সঙ্গে একজন শিক্ষার্থী প্রজেক্ট ও কুইজে অংশগ্রহণ করতে পারবে।

ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আঞ্চলিক পর্বের উৎসব শেষ হয়েছে। দারুণ সব প্রজেক্ট বানিয়ে নিজেদের প্রতিভা দেখিয়েছে এই তিন অঞ্চলের খুদে বিজ্ঞানীরা। রাজশাহী ও রংপুরে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২ ও ২৪ ডিসেম্বর। সবশেষে বরিশাল ও খুলনা বিভাগীয় উৎসবের মাধ্যমে শেষ হবে বিজ্ঞান উৎসব ২০২২-এর আঞ্চলিক পর্ব।

বিজ্ঞান উৎসবের আঞ্চলিক পর্বের বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিত জাতীয় উৎসবে অংশ নেওয়ার সুযোগ পাবে। পুরস্কৃত করা হবে জাতীয় বিজ্ঞান উৎসবের বিজয়ীদের। স্কুলশিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে সারা দেশে যৌথভাবে এই বিজ্ঞান উত্সব আয়োজন করতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ এবং দেশের সর্বাধিক পঠিত বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।

বিজ্ঞান উৎসব সম্পর্কে আরও জানতে চোখ রাখুন প্রথম আলো প্রিন্ট, বিজ্ঞানচিন্তা প্রিন্ট, অনলাইন, ফেসবুক পেজ ও গ্রুপে। বিজ্ঞান উৎসব সম্পর্কে আরও জানতে অফিস চলাকালে বরিশাল অফিসে যোগাযোগ করা যাবে ০১৭৯২ ২১ ৪২ ৫০ নম্বরে, খুলনা অফিসে যোগাযোগ করা যাবে ০১৭১৭ ১৫ ৯৯ ১৩ নম্বরে। অথবা, বিজ্ঞানচিন্তার কার্যালয়ে ০১৭০৮ ১৬ ৮৭ ৯০ নম্বরে ফোন করে উৎসব সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

লেখক: সম্পাদনা দলের সদস্য, বিজ্ঞানচিন্তা