অনুষ্ঠিত হলো বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (বিডিজেএসও) আঞ্চলিক পর্ব। ১৮ আগস্ট, শুক্রবার খুলনা সরকারী করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এ আয়োজন। এতে খুলনা ও আশপাশের জেলাগুলোর ৩৫টি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী অংশ নেয়।
শুক্রবার সকাল ৯টায় জাতীয় সংগীত ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির খুলনা জেলা ইউনিটের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। এ সময় আরও ছিলেন রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজীব কুমার মহলী, খুলনা বিশ্ববিদ্যালয়ের মাশহারুল হক অর্ণব ও ফাহমিদা আক্তার অনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ আকরাম হোসেন।
খুলনা আঞ্চলিক অলিম্পিয়াড আয়োজনে স্থানীয় ভাবে সহযোগিতা করে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির খুলনা জেলা ইউনিট।
শিগগিরই এ আঞ্চলিক অলিম্পিয়াডের ফলাফল বিডিজেএসও-র ওয়েবসাইটে প্রকাশিত হবে।
এর আগে, ৩ আগস্ট গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত হয় বিডিজেএসও ২৩-এর প্রথম স্কুল অলিম্পিয়াড। এরপর যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ও দিনাজপুরের বিরল উপজেলায় অলিম্পিয়াড আয়োজিত হয়। সেই ধারাবাহিকতায় ১৯ আগস্ট চট্টগ্রাম ও নেত্রকোনায় আরও দুটি আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। এরপর ২৫ আগস্ট অন্যান্য জেলার শিক্ষার্থীদের জন্য অনলাইনে ও ২৬ আগস্ট ঢাকার শিক্ষার্থীদের নিয়ে ভেন্যুতে অনুষ্ঠিত হবে আঞ্চলিক অলিম্পিয়াড।
থাইল্যান্ডে অনুষ্ঠেয় ২০তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (আইজেএসও-২৩)-এর জন্য বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে আয়োজিত হচ্ছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ৯ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২৩)। এবারের অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে তিনটি ধাপে। প্রথমে অনলাইন বাছাই পর্ব থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে ৪টি জেলায় আয়োজিত হচ্ছে চারটি আঞ্চলিক পর্ব এবং ৪টি অনলাইন পর্ব। এরপর জেলা পর্বের বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে রাজধানী ঢাকায় আয়োজিত হবে জাতীয় পর্ব। এ পর্বে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্প করা হবে। ক্যাম্পের ফলাফল ও অন্যান্য দিক বিবেচনা করে বাছাই করা হবে ৬ জনকে। তারাই থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নেবে।
বিডিজেএসও যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। আয়োজনের টাইটেল স্পন্সর আল আরাফাহ্ ইসলামি ব্যাংক লিমিটেড। সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো। ম্যাগাজিন পার্টনার হিসেবে আছে কিশোর আলো এবং বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা। অলিম্পিয়াডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই লিংকে: www.bdjso.org।