চট্টগ্রামে অনুষ্ঠিত হলো জ্যোতির্বিজ্ঞান কর্মশালা অ্যাস্ট্রোভার্স

মহাকাশের নানা রহস্য আর জ্যোতির্বিজ্ঞানের খুঁটিনাটি নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো দিনব্যাপী জ্যোতির্বিজ্ঞান কর্মশালা—অ্যাস্ট্রোভার্স ২০২৬। ২৩ অক্টোবর, শুক্রবার এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সান ভ্যালি ক্যাম্পাসের মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম মঈনুল হক মিয়াজী। তিনি কর্মশালার উদ্দেশ্য ও গুরুত্ব নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন।

এরপর ‘কসমোলজি: অ্যানশিয়েন্ট কোয়েশ্চেনস উইথ মডার্ন সায়েন্স’ শীর্ষক আলোচনা উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক উজ্জ্বল কুমার দেব। মহাবিশ্বে প্লাজমার প্রভাব ও এর গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন চুয়েটের গণিত বিভাগের আরেক অধ্যাপক মো. গোলাম হাফেজ।

তাত্ত্বিক আলোচনার পাশাপাশি কর্মশালায় ব্যবহারিক দিকেও বিশেষ জোর দেওয়া হয়। এরপর হাতে-কলমে প্রশিক্ষণ পরিচালনা করেন শাফায়াত রহমান। এ ছাড়া প্রোগ্রামিংয়ের মাধ্যমে কীভাবে জ্যোতির্বিজ্ঞান চর্চা করা যায়, সে বিষয়ে ধারণা দেন আবু আজাদ তামিম।

আরও পড়ুন

কর্মশালায় জ্যোতির্বিজ্ঞানের মৌলিক ধারণার পাশাপাশি এর ক্রমবিকাশ, রোভার ডিজাইন এবং অ্যাস্ট্রোপাইথনের মতো আধুনিক ও ফলিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিজ্ঞানের অংশ হিসেবে নক-বিডির সৌজন্যে আনা টেলিস্কোপ দিয়ে শিক্ষার্থীরা দিনের বেলায় সূর্যের সৌরকলঙ্ক এবং রাতের আকাশে চাঁদের গহ্বরগুলো সরাসরি পর্যবেক্ষণ করেন।

সমাপনী পর্বে বক্তব্য দেন চট্টগ্রাম অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি আব্দুল্লাহ আল মোরছালীন। এ পর্বে কর্মশালা উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এই কর্মশালার আয়োজন করে চট্টগ্রাম অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। সহযোগী হিসেবে ছিল এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ফিজিকস অ্যান্ড অ্যাস্ট্রোনমি ক্লাব ও নক-বিডি।

আরও পড়ুন