এতে ওই জেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নেয়। প্রজেক্ট প্রদর্শনী, বিজ্ঞানবিষয়ক দেয়ালিকা ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।
ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত হলো ‘আন্তঃস্কুল বিজ্ঞানমেলা’। ২৪ সেপ্টেম্বর, রোববার ব্রাহ্মণবাড়িয়ার ইন্ডাস্ট্রিয়াল স্কুল মাঠের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত হয় এ বিজ্ঞান মেলা। এতে ওই জেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নেয়। প্রজেক্ট প্রদর্শনী, বিজ্ঞানবিষয়ক দেয়ালিকা ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।
মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এ বিজ্ঞান মেলার প্রথম পর্বে সভাপতিত্ব করেন এআরডির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মো. সিদ্দিকুর রহমান রেজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউল হক মীর, অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, সিভিল সার্জন একরমউল্লাহ, এআরডির নির্বাহী পরিচালক ইয়াসমিন জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্ত্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্য্যসহ আরও অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এআরডি-পিএসই প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর জান্নাতুল ফেরদৌস।
বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘বিজ্ঞান ছাড়া কোনো দেশ ও জাতির অগ্রগতি সম্ভব নয়। স্মার্ট বাংলাদেশ গড়তে বিজ্ঞান শিক্ষাকে বিকশিত করতে হবে। এ জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।’
মেলার শেষ পর্বে, অর্থাৎ পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী। এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহ। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রজেক্ট প্রদর্শনীতে প্রথম হয় আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আলহাজ্ব এডভোকেট হুমায়ুন কবির বিজ্ঞান ক্লাব। দ্বিতীয় হয়েছে চাপুইর আজিজুল হক উচ্চ বিদ্যালয়ের আজিজুল হক বিজ্ঞান ক্লাব। তৃতীয় হয়েছে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের বিএইচএস বিজ্ঞান ক্লাব।
বিজ্ঞান দেয়ালিকায় প্রথম হয়েছে ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাহবুবুল হুদা বিজ্ঞান ক্লাব। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে উইজডম স্কুল অ্যান্ড কলেজের উইজডম বিজ্ঞান ক্লাব এবং অন্বেষা বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজের গ্যালিলিও বিজ্ঞান ক্লাব।
কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের বিএইচএস বিজ্ঞান ক্লাব। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের ফোটন বিজ্ঞান ক্লাব এবং হাবলাউচ্চ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বাবু স্বর্গীয় নরেন্দ্রনাথ দত্ত বিজ্ঞান ক্লাব। এ ছাড়াও বিজ্ঞান মেলায় উপস্থিত সব বিজ্ঞান ক্লাবকে পুরস্কৃত করা হয়।
পাশাপাশি সারা বছর বিজ্ঞান ক্লাবের কার্যক্রমের ওপর ভিত্তি করে শ্রেষ্ঠ বিজ্ঞান ক্লাব হিসেবে ঘোষণা করা হয় ৩টি বিজ্ঞান ক্লাবকে। এই সেরা তিন বিজ্ঞান ক্লাব হলো রামরাইল শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত উচ্চ বিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত বিজ্ঞান ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের থিওরি অব বিজ্ঞান ক্লাব এবং নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের ফোটন বিজ্ঞান ক্লাব।
পাশাপাশি মেলায় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বিনা মূল্যে স্বাস্থ্য পরামর্শ, রক্তচাপ নির্ণয় ও ওজন মাপাসহ আরও অনেক সেবা প্রদান করে ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া জেলা মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এআরডি এ মেলার আয়োজন করে। সহযোগিতায় ছিল বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। ইভেন্ট পার্টনার ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া, ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ এবং স্বপ্নতরী। ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।