ছয় পেরিয়ে বিজ্ঞানচিন্তা

ছয় পেরিয়ে সাতে পড়ল দেশের জনপ্রিয় বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা। শুরু থেকেই দেশের কিশোর ও তরুণদের মাঝে বিজ্ঞান সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ম্যাগাজিনটি কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় ম্যাগাজিনটি আজ ১৫ অক্টোবর, শনিবার ছয় বছর পূর্ণ করল।

জন্মদিনে চলতি বছরের অক্টোবর সংখ্যা (বিজ্ঞানে নোবেল ২০২২) প্রকাশের পাশাপাশি ফার্মিং ফিউচার বাংলাদেশ (এফএফবি)-এর সঙ্গে আয়োজিত ‘ইয়ুথ ফর সায়েন্স ২০২২’-এর সমাপনী অনুষ্ঠানেরও আয়োজন করেছে বিজ্ঞানচিন্তা।

এই আয়োজনে উপস্থিত রয়েছেন দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞানী ও গবেষকদের অনেকে। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিদ্যার অধ্যাপক ড. আরশাদ মোমেন, রম্যলেখক ও কার্টুনিস্ট এবং মাসিক উন্মাদ-এর সম্পাদক আহসান হাবীব, কথাসাহিত্যিক ও কিশোর আলোর সম্পাদক আনিসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিনপ্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক মুশতাক ইবনে আয়ুব, চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের পরিচালক ও অণুজীববিজ্ঞানী সেঁজুতি সাহা, রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শহীদুর রশীদ ভূঁইয়া, বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুমসহ আরও অনেকে।

বিজ্ঞানচিন্তার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘চারপাশের সবকিছু জানতে–বুঝতে চাওয়ার নামই আসলে বিজ্ঞান। তারুণ্যের প্রধান শক্তি এই বিজ্ঞান। এ দুটি এক সুতোয় গাঁথা। মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা এই বন্ধন দৃঢ়তর করতে চায়। নিয়মিত বিজ্ঞানচিন্তা পড়লে আপনি নিজেই বলবেন, আমি হব বিজ্ঞানী।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিদ্যার অধ্যাপক ও বিজ্ঞানচিন্তার উপদেষ্টা ড. আরশাদ মোমেন বলেন, ’প্রকাশনা জগতে ৬ বছর অনেক লম্বা সময়। বিজ্ঞানচিন্তার কাছে আমার যা আশা ছিল, ম্যাগাজিনটি তার ৭০ শতাংশ পূর্ণ করেছে। বাকি ৩০ শতাংশ এখনো পূর্ণ করেনি। আমি সেদিনের অপেক্ষায় আছি, যেদিন বিজ্ঞানচিন্তা আমার বাকি ৩০ শতাংশ আশা পূর্ণ করবে। আশা করি সে সময় বিজ্ঞানচিন্তা নিউ সায়েন্টিস্ট-এর মতো সহজ ভাষায় আরও সিরিয়াস বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশ করবে।’

উল্লেখ্য, আব্দুল কাইয়ুমের সম্পাদনায় ২০১৬ সালের অক্টোবরে আত্মপ্রকাশ করে মাসিক বিজ্ঞানচিন্তা। এ পর্যন্ত ম্যাগাজিনটির ৭০টি সংখ্যা প্রকাশিত হয়েছে। শুরুটা হয়েছিল স্টিফেন হকিংকে নিয়ে মলাট কাহিনি প্রকাশের মাধ্যমে। তারপর এ ছয় বছরে কোয়ান্টাম বলবিদ্যা থেকে কৃষিবিজ্ঞান, জলবায়ু থেকে আধুনিক ডিজিটাল বিশ্বের মুদ্রা ক্রিপ্টোমুদ্রা, বাংলাদেশী ও বাঙালি বিজ্ঞানীদের ঐতিহাসিক ও সাম্প্রতিক গবেষণা, কল্পবিজ্ঞান থেকে বিজ্ঞানের চলতি খবর—সবকিছুই সহজ ভাষার সর্বস্তরের পাঠকের কাছে পৌঁছে দিয়েছে ম্যাগাজিনটি। ভবিষ্যতেও সর্বস্তরে বিজ্ঞান ছড়িয়ে দিতে কাজ করে যাবে বিজ্ঞানচিন্তা।