বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের রংপুর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হচ্ছে আজ, শনিবার। সকাল ৮টায় রংপুর জিলা স্কুল প্রাঙ্গণে এই উৎসব শুরু হবে। উৎসবে উপস্থিত থাকবেন রংপুরের সেরা বিজ্ঞানী, অধ্যাপক, গবেষকসহ আরও অনেকে।
উৎসবে স্কুলের ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিচ্ছে প্রজেক্ট প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতায়। প্রজেক্ট প্রদর্শনীতে ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীরা একটি ক্যাটাগরিতে অংশ নিচ্ছে। সর্বোচ্চ একই বিদ্যালয়ের তিনজন একটি প্রজেক্টে অংশগ্রহণ করতে পারবে। কুইজ প্রতিযোগিতায় রয়েছে দুটি ক্যাটাগরি। নিম্নমাধ্যমিক ক্যাটাগরিতে অংশ নিচ্ছে ৬ষ্ঠ-৮ম শ্রেণির শিক্ষার্থীরা এবং মাধ্যমিক ক্যাটাগরিতে অংশ নিচ্ছে ৯ম-১০ম শ্রেণি ও চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীরা। শুধু নিবন্ধনকারী শিক্ষার্থীরাই এই দুই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।
রংপুর অঞ্চলের খুদে বিজ্ঞানীদের এই মিলনমেলায় আরও রয়েছে বিজ্ঞান ম্যাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রশ্নোত্তর পর্বসহ আরও অনেক মজার আয়োজন।
সারা দেশের স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞানে উৎসাহী করে তুলতে আয়োজিত হচ্ছে বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব। ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী আঞ্চলিক পর্বের বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রংপুর আঞ্চলিক উৎসবের পর একে একে বরিশাল ও খুলনা বিভাগে অনুষ্ঠিত হবে বিজ্ঞান উৎসবের আঞ্চলিক পর্ব। সবশেষে জাতীয় পর্বের মাধ্যমে শেষ হবে এ আয়োজন। আঞ্চলিক উৎসবের বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিত জাতীয় উৎসবে অংশ নেওয়ার সুযোগ পাবে। আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।
বিজ্ঞান উৎসবের যেকোনো খবর জানতে চোখ রাখুন bigganchinta.com-এ, বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব ও বিজ্ঞানচিন্তার ফেসবুক পেজ ও গ্রুপে, প্রথম আলোয় এবং বিজ্ঞানচিন্তার প্রিন্ট সংস্করণে।