শেষ হলো স্কুল অফ লাইফের অফলাইন পর্ব

এ এস ইসলাম স্কুল অব লাইফের অফলাইন পর্ব শেষ হয়েছে। ১৬-১৯ মে রাজধানীর মাকসুদুল আলম সায়েন্স ল্যাবরেটরি (ম্যাসল্যাব) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত আয়োজিত হয়। প্রথম তিন দিন ক্যাম্প অনুষ্ঠিত হয় ম্যাসল্যাবে এবং শেষ দিন শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগের ল্যাব পরিদর্শনে নেওয়া হয়।

অফলাইন ক্যাম্পের প্রথম দিন সকালে শিক্ষার্থীদের সঙ্গে জুমে যুক্ত হয়ে উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রধান জেবা ইসলাম সেরাজ। সঙ্গে আরও ছিলেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহ-সভাপতি মুনির হাসান।

প্রথম সেশনে শিক্ষার্থীদের পরিমাপ এবং মাপজোখ নিয়ে ধারণা দেওয়া হয়। এ সেশন নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মাসি ডিপার্টমেন্টের শিক্ষার্থী মোর্শেদা আক্তার। এরপর জীববৈচিত্র, পরিবেশদূষণ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করেন পরিবেশ বিশেষজ্ঞ হাসীব মুহাম্মদ ইরফানুল্লাহ।

অফলাইন ক্যাম্পের শেষ দিনে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি এবং বোটানি বিভাগের ল্যাব পরিদর্শন করে।

দ্বিতীয় দিন ডিএনএ, জিন, ডিএনএ স্ট্রাকচার, জিএমও, ক্রিসপার, ইত্যাদি নিয়ে আলোচনা করেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির অ্যাসিস্টেন্ট প্রফেসর সাবরিনা মরিয়ম ইলিয়াস। পরের সেশনে শিক্ষার্থীরা পিসিআর মেশিন সম্পর্কে ধারণা পায়। এই সেশন নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে পিএইচডি গবেষক তমালিকা আজিম।

তৃতীয় দিন সকালের সেশন যৌথভাবে পরিচালনা করেন তমালিকা আজিম এবং মোর্শেদা আক্তার। প্রাণের উৎপত্তি ও বিকাশ এবং ক্যালাস কালচার নিয়ে তাঁরা আলোচনা করেন। পরের সেশনে ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক অপর্না ইসলাম জার্মিনেশন এবং এর ফেজগুলো নিয়ে আলোচনা করেন। এ দিন শেষ সেশন নেন বিজ্ঞানী এ এস ইসলাম। তিনি জুমে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন৷ এছাড়াও সশরীরে উপস্থিত ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ইউসুফ মাহাবুব ইসলাম।

অফলাইন ক্যাম্পের শেষ দিনে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি এবং বোটানি বিভাগের ল্যাব পরিদর্শন করে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের ল্যাবে তারা পিসিআর মেশিনে ডিএনএ এমপ্লিফাই এবং ডিএনএ ব্যান্ডিংসহ নানা জিনিস শেখে। ল্যাবে এই সেশনগুলো নেন ওই বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর এস এম মাহাবুবুর রহমান এবং অ্যাসোসিয়েট প্রফেসর মুশতাক ইবনে আয়ুব। বোটানি ডিপার্টমেন্টের ল্যাব পরিদর্শন করান অধ্যাপক মুহাম্মদ নূরুল ইসলাম এবং অ্যাসোসিয়েট প্রফেসর তাহমিনা ইসলাম। বোটানি ল্যাবে ল্যাব ইন্সট্রুমেন্ট, প্ল্যান্ট ব্রিডিং, টিস্যু কালচার, মলিকুলার বায়োলজি ল্যাব ও গ্রিন হাউজ পরিদর্শন করান তমালিকা আজিম। আর মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে ক্যাটালাইটিক রিপ্রেশন শেখান অধ্যাপক মুহাম্মদ মঞ্জুরুল করিম।

১৫ মার্চ অনলাইন ক্যাম্পের মধ্য দিয়ে শুরু হয় এ এস ইসলাম স্কুল অব লাইফের যাত্রা। অনলাইন পর্বে জুনিয়র এবং সিনিয়র ক্যাটাগরি মিলিয়ে মোট ১৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। পরে অনলাইন কুইজ এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে বাছাই করা হয় ২৫ জন।

সবশেষে সমাপনী অনুষ্ঠান হয় মাইক্রোবায়োলজি বিভাগের অডিটরিয়ামে। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ মঞ্জুরুল করিম, মুহাম্মদ নূরুল ইসলাম, এস এম মাহাবুবুর রহমান, মুশতাক ইবনে আয়ুব ও তাহমিনা ইসলাম। শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদানের মাধ্যমে শেষ হয় এ আয়োজন।

এর আগে ১৫ মার্চ অনলাইন ক্যাম্পের মধ্য দিয়ে শুরু হয় এ এস ইসলাম স্কুল অব লাইফের যাত্রা। অনলাইন পর্বে জুনিয়র এবং সিনিয়র ক্যাটাগরি মিলিয়ে মোট ১৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। পরে অনলাইন কুইজ এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে বাছাই করা হয় ২৫ জন। বাছাইকৃত শিক্ষার্থীরা অংশ নেয় অফলাইন ক্যাম্পে। সেখান থেকে বাছাইকৃত ১০ জনকে দেওয়া হবে দেশের স্বনামধন্য বিজ্ঞান গবেষণাগারগুলোতে ইন্টার্নশিপ করার সুযোগ।

শিক্ষার্থীদের জীববিজ্ঞানে আগ্রহী করে তুলতে এবং গবেষণার হাতেখড়ি দিতে যৌথভাবে এই ক্যাম্পটি আয়োজন করে বাংলাদেশ বিজ্ঞান ও জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্টস (জিএনওবিবি) এবং মাকসুদুল ইসলাম বিজ্ঞানাগার(ম্যাসল্যাব)।