আগামীকাল ২০ জানুয়ারি, শুক্রবার অনুষ্ঠিত হবে বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের খুলনা আঞ্চলিক পর্ব। খুলনার সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৮ টায় শুরু হবে এই উৎসব। চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্জ প্রফেসর ডক্টর মোসাম্মাৎ হোসনে আরা, সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফ্রেড রণজিত মন্ডল, বিকাশের ইভিপি ও হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা হুমায়ুন কবির, অ্যাসিট্যান্ট ম্যানেজার মাহবুবুর রহমান, প্রথম আলোর প্রতিনিধি উত্তম মন্ডল ও বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার। এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপকসহ আরও অনেকে উপস্থিত থাকবেন।
প্রশ্নোত্তর পর্বে উপস্থিত থাকবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শিবেন্দ্র শেখর শিকদার, খুলনা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ডক্টর মুহাম্মাদ শামীম আল মামুন, একই বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রভাষক অমিত সরদার এবং গণিত অলিম্পিয়াড ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রিসোর্স পারসন সঞ্জয় মণ্ডল। এছাড়াও ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ডক্টর তুহিন রায়।
উৎসবে স্কুলের ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীরা প্রজেক্ট প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রজেক্ট প্রদর্শনীতে ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীরা একটি ক্যাটাগরিতে অংশ নেবে। আর কুইজ প্রতিযোগিতায় থাকবে দুটি ক্যাটাগরি। নিম্নমাধ্যমিক ক্যাটাগরিতে অংশ নেবে ৬ষ্ঠ-৮ম শ্রেণির শিক্ষার্থীরা, আর মাধ্যমিক ক্যাটাগরিতে অংশ নেবে ৯ম-১০ম শ্রেণি ও চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীরা। শুধু নিবন্ধনকারী শিক্ষার্থীরা এই দুই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। খুলনা অঞ্চলের খুদে বিজ্ঞানীদের এই মিলনমেলায় আরও থাকছে বিজ্ঞান ম্যাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রশ্নোত্তর পর্বসহ আরও অনেক মজার আয়োজন।
আঞ্চলিক উৎসবের বিজয়ীরা অংশ নেওয়ার সুযোগ পাবে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় উৎসবে। আঞ্চলিক পর্ব ও জাতীয় উৎসবে বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।
সারা দেশের স্কুলশিক্ষার্থীদের বিজ্ঞানে উৎসাহী করে তুলতে আয়োজিত হচ্ছে বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব। ইতিমধ্যেই ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও সিলেটে আঞ্চলিক বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। আগামী ২১ জানুয়ারি, শনিবার বরিশালে অনুষ্ঠিত হবে বিজ্ঞান উৎসবের আঞ্চলিক পর্ব। সবশেষে জাতীয় পর্বের মাধ্যমে শেষ হবে এ আয়োজন।
বিজ্ঞান উৎসবের যেকোনো খবর জানতে চোখ রাখুন bigganchinta.com-এ, বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব ও বিজ্ঞানচিন্তার ফেসবুক পেজ ও গ্রুপে, প্রথম আলোয় এবং বিজ্ঞানচিন্তার প্রিন্ট সংস্করণে।