শাবিপ্রবিতে ডিএনএশন-২০২৪ অনুষ্ঠিত

ডিএনএশনে বিজয়ীদের সঙ্গে অতিথিরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যালয়ে আয়োজিত হলো দুই দিনের ডিএনএশন-২০২৪। ডিএনএ দিবস উপলক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠান শেষ হয় গত ২৬ এপ্রিল, শুক্রবার। শাবিপ্রবির জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের সহযোগিতায় নেটওয়ার্ক অব ইয়ং বায়োটেকনোলজিস্টস বাংলাদেশের (NYBB) সাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার (শাবিপ্রবি শাখা) এ আয়োজন করে।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনবিজ্ঞানী ও ধান গবেষক আবেদ চৌধুরী, শাবিপ্রবির স্কুল অব লাইফ সায়েন্সের ডিন আব্দুল্লাহ আল মামুন, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের প্রধান কামরুল ইসলাম, জৈব রসায়ন ও অণুজীববিজ্ঞান বিভাগের প্রধান মোসাম্মৎ আরযুবা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মুশতাক ইবনে আয়ূব, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জীবপ্রযুক্তি ও জিন প্রকৌশল অনুষদের ডিন মোহাম্মদ মেহেদী হাসান খান, সিলেট ওম্যান’স মেডিক্যাল কলেজ হাসাপাতালের নজরুল বখত চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জীবপ্রযুক্তি ও জিন প্রকৌশল অনুষদের সহকারী অধ্যাপক নাজমুল হোসাইন, একই বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক মিয়া, হাম্মাদুল হক শিলু ও জি এম নুরনবি আজাদ। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন শাবিপ্রবির জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষক আবুল কালাম আজাদ, একই বিভাগের মোহাম্মদ জাকির হোসেন, এনওয়াইবিবির চিফ ফাইন্যান্স অফিসার জেড এম তৌহিদুল ইসলামসহ শাবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।

আবেদ চৌধুরী তাঁর পঞ্চব্রীহি ধানের পেছনের বিজ্ঞান নিয়ে বক্তব্য দিচ্ছেন

দুই দিনের এ আয়োজনের প্রথম দিন শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে একটি র‍্যালি করা হয়। এরপর সংক্ষিপ্ত বক্তব্য ও কেক কাটার মাধ্যমে শেষ হয় প্রথম দিনের কার্যক্রম।

দ্বিতীয় দিন আয়োজিত হয় জীববিজ্ঞানবিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা, হ্যাকাথন এবং আইডিয়া প্রেজেন্টেশন প্রতিযোগিতা। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা সর্বোচ্চ দুই সদস্যের দল গঠন করে এ প্রতিযোগিতায় অংশ নেন। এতে বিচারক হিসেবে ছিলেন শাবিপ্রবির জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক মিয়া, হাম্মাদুল হক শিলু ও জি এম নুরনবি আজাদ।

এরপর আয়োজিত হয় সেমিনার। সেখানে আবেদ চৌধুরী তাঁর পঞ্চব্রীহি ধানের পেছনের বিজ্ঞান  ও তাঁর অন্যান্য কাজ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেন।  প্রকৃতকোষী জীবের জিন এক্সপ্রেশনে নিউক্লিয়ার ও সাইটোপ্লাজমীয় সম্পর্ক নিয়ে কথা বলেন নাজমুল হোসাইন। নজরুল বখত চৌধুরী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মাইগ্রেন ও মাথাব্যথা নিয়ে সচেতনতামূলক বক্তব্য দেন। মুশতাক ইবনে আয়ূব কথা বলেন নেক্সট জেনারেশন জেনেটিক রেভ্যুলুশন বা পরবর্তী প্রজন্মের জিন প্রযুক্তির বিপ্লব নিয়ে।

প্রতিযোগীদের একাংশ

এরপর প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে এ অনুষ্ঠান শেষ হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয় এভেঞ্জার’স এসেম্বল। রানার আপ হয় ডিএনএ ডাইনামোস। হ্যাকাথনে চ্যাম্পিয়ন ব্যাঙের ছাতা এবং রানার আপ টিম হেলিক্সহ্যাক। প্রেজেন্টেশন কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছে জিনল্যাডস। রানার আপ বায়োজেনেসিস।

মুশতাক ইবনে আয়ূব বক্তব্য রাখছেন

নেটওয়ার্ক অব ইয়ং বায়োটেকনোলজিস্টস বাংলাদেশের (NYBB) যাত্রা শুরু হয় ২০০৬ সালে। সারা দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ে তাদের স্টুডেন্ট চ্যাপ্টার রয়েছে। এই চ্যাপ্টারের সাহায্যে তারা বিভিন্ন সময়ে সেমিনার, বায়োটেকনোলজি কংগ্রেস, গ্রীষ্মকালীন ক্যাম্প ও ওয়ার্কশপ আয়োজন করে।

এ  অনুষ্ঠান আয়োজন করেছে নেটওয়ার্ক অব ইয়ং বায়োটেকনোলজিস্টস বাংলাদেশের (NYBB) সাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার, সহযোগিতা করেছে শাবিপ্রবির জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ। আর্থিক সহযোগিতায় ছিল টাফনিল ও ইনভেন্ট টেকনোলকজিকস লি.।