ঢাকায় শুরু হচ্ছে কসমিক হারস্টোরি প্রদর্শনী
নারীদের চোখে মহাবিশ্বকে দেখার সুযোগ করে দিতে ঢাকায় শুরু হচ্ছে কসমিক হারস্টোরি আলোকচিত্র প্রদর্শনী। আগামী ২৭ নভেম্বর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) অডিটোরিয়ামে এই আয়োজন শুরু হবে। প্রদর্শনীটি চলবে চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। এটি দেখা যাবে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাক্টিভিটি জোনে।
বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞানে অবদান রাখা নারীদের গল্প তুলে ধরা হবে এই প্রদর্শনীতে। পাশাপাশি বাংলাদেশের যেসব তরুণী টেলিস্কোপের সাহায্যে মহাবিশ্বের ছবি তুলছেন, তাঁদের কাজও স্থান পাবে এখানে। তাঁদের তোলা ছবির মাধ্যমে মহাকাশকে নতুনভাবে দেখার সুযোগ পাবেন দর্শকেরা।
উদ্বোধনী দিনের আয়োজন শুরু হবে বিকেল ৫টায় কসমিক হারস্টোরি পরিচিতি পর্বের মাধ্যমে। এরপর বিকেল সাড়ে ৫টায় পরিবেশিত হবে ভৈরবীবের নাটক আসমান জমিনের গল্প। সন্ধ্যা ৬টায় থাকবে অতিথিদের বক্তব্য। সাড়ে ৬টায় আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন হবে। সন্ধ্যা ৭টায় থাকবে আপ্যায়নের ব্যবস্থা।
প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। আয়োজনটি ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ কর্মসূচির সহায়তায় অনুষ্ঠিত হচ্ছে। সহায়তা করছে আইইউবি, কাসা এবং ইউনিভার্সিটি অব টরেন্টো।