মেঘনাদ সাহাকে নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত হবে বক্তৃতা অনুষ্ঠান। আজ ৬ জুলাই, শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্রের ৫০৫ নম্বর কক্ষে এ আলোচনা অনুষ্ঠান আয়োজিত হবে। আলোর ইশকুলের আওতাধীন ‘বাঙালির বিজ্ঞানচর্চা’ সিরিজের পঞ্চম পর্ব হিসেবে আয়োজিত হচ্ছে এটি।
এতে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক আরশাদ মোমেন। ‘মেঘনাদ সাহা: প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞান ও পদার্থবিজ্ঞানী’ শিরোনামের এ আলোচনায় জানা যাবে মেঘনাদ সাহার জীবন ও গবেষণার নানা দিক।
মেঘনাদ সাহা ছিলেন পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিদ। গণিত নিয়ে পড়াশোনা করলেও গবেষণা করেছেন পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিদ্যা নিয়ে। তিনি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে তাপীয় আয়নীকরণ তত্ত্ব প্রতিষ্ঠা করেছেন। তাঁর আবিষ্কৃত সাহা আয়নীভবন সমীকরণ নক্ষত্রের রাসায়নিক ও ভৌত ধর্ম ব্যখ্যা করতে অত্যন্ত প্রয়োজনীয়। ১৯৫০ সালে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করেছেন সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিকস। বাঙালি এই বিজ্ঞানীর জন্ম বাংলাদেশের গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়।
আলোর ইশকুল বিশ্বসাহিত্য কেন্দ্রের উৎকর্ষধর্মী কর্মসূচী। এতে সঙ্গীত, সাহিত্য, চিত্রকলা, স্থাপত্য, ভাস্কর্য, চলচ্চিত্র থেকে শুরু করে ইতিহাস, বিজ্ঞান, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে উৎকর্ষ চক্র ও বক্তৃতা অনুষ্ঠিত হয়। এরকম একটি বিজ্ঞান বক্তৃতা সিরিজের নাম ‘বাঙালির বিজ্ঞানচর্চা। এ সিরিজের পঞ্চম পর্ব, ‘বাঙালির বিজ্ঞানচর্চা: ৫’ হিসেবে আয়োজিত হচ্ছে মেঘনাদ সাহাকে নিয়ে এ বক্তৃতা। এসব বক্তৃতায় অংশ নিতে নির্ধারিত সময়ে নিবন্ধন করতে হয়।
আলোর ইশকুল নিয়ে বিস্তারিত জানতে দেখুন: bskbd.org/aalor-ishkool।