বান্দরবানে স্বল্পমূল্যের উপকরণের মাধ্যমে জ্যোতির্বিজ্ঞান শিক্ষা

বান্দরবানের নীলাচলের স্বচ্ছ আকাশে তখন হাজারো তারার মেলা। টেলিস্কোপের লেন্সে স্পষ্টভাবে ধরা দিচ্ছিল সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি এবং তার চারটি গ্যালিলিয়ান উপগ্রহ। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সরাসরি মহাকাশ পর্যবেক্ষণের এই রোমাঞ্চকর অভিজ্ঞতায় মেতেছিলেন একদল শিক্ষক। তবে এই আয়োজনের মূল লক্ষ্য কেবল আকাশ দেখা নয়, বরং এনসিটিবি পাঠ্যবইয়ের বিজ্ঞানের জটিল বিষয়গুলো কীভাবে অতি সাধারণ উপকরণের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে সহজবোধ্য করা যায়, তা হাতে-কলমে শেখানো।

গত ৯-১১ এপ্রিল বান্দরবানে অনুষ্ঠিত হয় তিন দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ‘আইএইউ ওএই টিচার ট্রেনিং প্রোগ্রাম ২০২৬’। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের অফিস অব অ্যাস্ট্রোনমি ফর এডুকেশনের নির্দেশনায় এবং এনওসি বাংলাদেশ ও এনএইসি বাংলাদেশের ব্যবস্থাপনায় এই আয়োজন সম্পন্ন হয়। বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এই প্রোগ্রামে পাহাড়ের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের ১২টি স্কুলের ২৮ জন বিজ্ঞান ও গণিত শিক্ষক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণটির অন্যতম বৈশিষ্ট্য ছিল এর সহজ ও প্রায়োগিক পদ্ধতি। ল্যাবরেটরির ব্যয়বহুল সরঞ্জামের ওপর নির্ভর না করে গুরুত্ব দেওয়া হয়েছে প্রাত্যহিক জীবনের অতি সাধারণ উপকরণের ওপর। সহজলভ্য বা ঘরোয়া উপকরণ দিয়ে বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানসংশ্লিষ্ট পাঠ্যবস্তু শেখানোকে এখানে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। শিক্ষকেরা হাতে-কলমে শিখেছেন, কীভাবে সামান্য কিছু ঘরোয়া সামগ্রী ব্যবহার করে মহাকাশবিজ্ঞান, পৃথিবীর পরিধি গণনা কিংবা গ্রহ-নক্ষত্রের ঘূর্ণন পদ্ধতি শ্রেণিকক্ষে অত্যন্ত আকর্ষণীয় ও কার্যকরভাবে উপস্থাপন করা সম্ভব।

আরও পড়ুন

কর্মশালার দ্বিতীয় দিনে শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি পরিচালিত হয় এনওসি বিডির ফ্ল্যাগশিপ প্রোগ্রাম অ্যাস্ট্রোস্কুল বাংলাদেশ। এতে স্থানীয় ৩০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেয়। তারা সোলার অবজারভেশনের মাধ্যমে সরাসরি সূর্য দেখার সুযোগ পায় এবং কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে নেয় আকর্ষণীয় পুরস্কার।

পুরো আয়োজনটি সফল করতে সরাসরি সহযোগিতা করে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়। পাহাড়ের বিভিন্ন জাতিসত্তার শিক্ষার্থীদের উপযোগী শিক্ষা উপকরণ নিয়েও এখানে বিস্তারিত আলোচনা হয়। প্রশিক্ষণের প্রতিটি সেশনে মূল সহায়ক উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছে ‘জ্যোতির্বিজ্ঞানের মোদ্দাকথা’ শীর্ষক একটি পুস্তিকা (বুকলেট)।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক এবং আইএইউ ন্যাশনাল অ্যাস্ট্রোনমি এডুকেশন কোঅর্ডিনেটর বাংলাদেশ টিমের সদস্য উজ্জ্বল কুমার দেব; বুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ও এনএইসি বাংলাদেশের চেয়ার ফারসীম মান্নান মোহাম্মদীর তত্ত্বাবধানে কর্মশালাটি পরিচালিত হয়। সমাপনী দিনে অংশগ্রহণকারী শিক্ষকদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

আরও পড়ুন