রাজশাহী বিভাগীয় পর্যায়ে আয়োজিত হতে যাচ্ছে দ্বিতীয় অ্যাস্ট্রোনমি ক্যাম্প। আগামী ৯-১১ অক্টোবর আয়োজিত হবে তিনের এই ক্যাম্প। শিক্ষার্থীদের জ্যোতির্বিজ্ঞানের মৌলিক বিষয়গুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ ক্যাম্প আয়োজিত হচ্ছে।
রাজশাহী বিভাগের সপ্তম থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করতে পারবে।
আগামী ৯ অক্টোবর প্রথম দিন দুপুর ২টায় রাজশাহী নভোথিয়েটারে হবে প্রাক-উদ্বোধনী। এরপর দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হবে সকাল ১০টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আর তৃতীয় ও শেষ দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে, সকাল ৯টায়। বিকেল সাড়ে চারটায় সমাপনী ও পুরস্কার বিতরণীর মাধ্যমে এই আয়োজন শেষ হবে।
এ ক্যাম্প আয়োজন করছে বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরাম। এতে ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকবে দেশের সর্বাধিক পঠিত বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।