শেষ হলো জাতীয় ক্লাইমেট অ্যাকশন চ্যাম্পিয়নশিপ

শেষ হলো প্রথম জাতীয় ক্লাইমেট অ্যাকশন চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব। ৮ নভেম্বর, শুক্রবার রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে আয়োজিত হয় এ অনুষ্ঠান। এবারের প্রতিপাদ্য ছিল, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তারুণ্যের সম্পৃক্ততাই পারে টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ করতে’।

দেশের ৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫২ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিভাগীয় পর্যায়ে সেরা তিন বিজয়ীদের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতা। জলবায়ু পরিবর্তনে তরুণদের সচেতন করতে একাধিক কর্মশালা, আলোচনা ও উপস্থাপনা ছিল এ প্রতিযোগিতায়। শিক্ষার্থীরা চিত্রাঙ্কন, দেয়ালিকা, প্রকল্প প্রদর্শনী, আইডিয়া উপস্থাপনের পাশাপাশি নানা আয়োজনে অংশ নেয়।

অতিথি ও শিক্ষার্থীদের একাংশ

পাশপাশি এই চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের গবেষণার সুযোগ করে দিয়েছে। উল্লেখ্য, প্রতিযোগিতায় প্রতি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি প্রদান করা হবে। পাশাপাশি আগামী ২৬-৩১ ডিসেম্বর কাঠমান্ডুতে অনুষ্ঠিত বিশ্ব ক্লাইমেট অ্যাকশন চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে এই শিক্ষার্থীরা।

প্রজেক্ট প্রদর্শনী

বিকেলে শুরু হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য মো. আবুল কাশেম মিয়া, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মাসুমা খানম এবং কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শাহীন রেজা।

অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার দিচ্ছেনওন দি

অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ বিষয়ে আলোচনা করেন সিসিডিবির অ্যাডাপটেশন বিষয়ক ম্যানেজার কামাল হোসেন। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রধান উপাদান তাপমাত্রা। এর কারণেই ঋতু পরিবর্তন হয়। তবে মানুষের কারণে যতটা না জলবায়ু পরিবর্তন হয়, তার চেয়ে বেশি হয় প্রাকৃতিক কারণে। পৃথিবীতে বায়ুমণ্ডল আছে বলেই জলবায়ু পরিবর্তন হচ্ছে। আর কোনো গ্রহের এমন বায়ুমণ্ডল নেই। বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর ওজন স্তর। এটা ফিল্টার হিসেবে কাজ করে। এ কারণেই আমরা পৃথিবীতে বেঁচে আছি’।

এ অনুষ্ঠান আয়োজন করে জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। সহযোগী হিসেবে ছিল পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ নিয়ন্ত্রণের সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প।