আইইউবিতে বসছে জ্যোতির্বিজ্ঞানের বিশেষ কর্মশালা
রাতের আকাশের দিকে তাকালে মনে হয়, তারায় ভরা এক বিশাল স্থির ক্যানভাস। কিন্তু আধুনিক জ্যোতির্বিজ্ঞান আমাদের বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। আকাশ মোটেও স্থির নয়, বরং এটি প্রতিনিয়ত বদলাচ্ছে। মহাকাশে পাঠানো বিভিন্ন টেলিস্কোপ রাতের পর রাত মহাবিশ্বের এই দ্রুত পরিবর্তনগুলো নিজেদের লেন্সে ধরে রাখছে। অন্যদিকে, মহাকর্ষ তরঙ্গ ডিটেক্টরগুলো মহাবিশ্বের ভয়ংকর সব ঘটনার শব্দ শুনছে সম্পূর্ণ ভিন্ন এক উপায়ে।
মহাবিশ্বের এই পরিবর্তনশীল রূপ এবং রহস্যময় সংকেতগুলোর মিলনস্থল হলো টাইম-ডোমেইন অ্যান্ড মাল্টি-মেসেঞ্জার অ্যাস্ট্রোনমি (TDMMA)। আর আধুনিক জ্যোতির্বিজ্ঞানের এই চমৎকার ও সময়োপযোগী বিষয়টি নিয়েই বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক কর্মশালা।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর গবেষণা কেন্দ্র ক্যাসা (CASSA—Center for Astronomy, Space Science and Astrophysics)-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচ দিনের এই বিশেষ কর্মশালা। আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আইইউবির বসুন্ধরা ক্যাম্পাসে লেকচার, টিউটোরিয়াল ও প্যানেল ডিসকাশনের মাধ্যমে মুখর থাকবে পুরো কর্মশালা।
অংশগ্রহণকারীদের হাতে-কলমে কাজ শেখাতে কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশি-বিদেশি প্রখ্যাত সব জ্যোতির্বিজ্ঞানী ও গবেষক। ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিকসের (ICTP-AP, বেইজিং) সহকারী অধ্যাপক এবং বিশ্বখ্যাত লাইগো/ভার্গো কোলাবোরেশনের সদস্য ড. অ্যান্ড্রু এল. মিলার মূলত গ্র্যাভিটেশনাল-ওয়েভ অংশটি পরিচালনা করবেন। আরও থাকবেন আইইউবির সহযোগী অধ্যাপক এবং সুপারনোভা কসমোলজিস্ট ড. সৈয়দ আশরাফ উদ্দিন, আইইউবির সহকারী অধ্যাপক এবং রেডিও টাইম-ডোমেইন বিশেষজ্ঞ ড. খান মুহাম্মদ বিন আসাদ। এছাড়া থাকবেন আইইউবির তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ড. জুয়েল কুমার ঘোষ। ব্ল্যাকহোল এবং গ্র্যাভিটির তাত্ত্বিক দিকগুলো নিয়ে গ্র্যাভিটেশনাল-ওয়েভ সেশনে তিনি আলোচনা করবেন। এছাড়াও রিসোর্স পারসন হিসেবে থাকবেন সিডনি ইউনিভার্সিটির পিএইচডি গবেষক মো. রেদওয়ান আহমেদ।
আয়োজক কমিটিতে সায়েন্টিফিক অর্গানাইজিং কমিটি-এর দায়িত্বে আছেন ড. সৈয়দ আশরাফ উদ্দিন এবং ড. খান মুহাম্মদ বিন আসাদ। লোকাল অর্গানাইজিং কমিটি-তে আছেন ক্যাসার সায়েন্স ম্যানেজার মুহাম্মদ জুবায়ের হাসান এবং আন্ডারগ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নুবলাত হাফসা।
এই কর্মশালার মূল লক্ষ্য হলো দক্ষতা বৃদ্ধি করা। অংশগ্রহণকারীরা যেন নিজেরাই একটি ট্রানজিয়েন্ট লাইট কার্ভ পড়তে পারেন, গ্র্যাভিটেশনাল-ওয়েভের অ্যালার্ট অনুসরণ করতে পারেন এবং টাইম-ডোমেইন অ্যাস্ট্রোনমিতে নিজেদের গবেষণা শুরু করতে পারেন—সেভাবেই সাজানো হয়েছে পুরো আয়োজন। ৫ দিনে মোট ৪১টি সেশন, ২৯টি লেকচার এবং ৪টি হাতে-কলমে টিউটোরিয়াল থাকছে এখানে:
কর্মশালাটি মূলত বাংলাদেশ এবং এর বাইরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা হয়েছে। তবে অসাধারণ মেধার অধিকারী কিছু স্কুল-কলেজের শিক্ষার্থীও আসন খালি থাকা সাপেক্ষে এতে সুযোগ পেতে পারেন।
একনজরে
আবেদন শুরু: ১৪ জুলাই ২০২৬
আবেদনের শেষ সময়: ১৪ আগস্ট ২০২৬
নির্বাচিতদের তালিকা প্রকাশ: ২১ আগস্ট ২০২৬
নিবন্ধন ও ফি প্রদান: ৩১ আগস্ট ২০২৬-এর মধ্যে
নিবন্ধন ফি: ৫,০০০ টাকা (তবে মেধা ও আর্থিক প্রয়োজনের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের জন্য ২০% বা ৫০% ছাড়ের ব্যবস্থা রয়েছে)।
আবেদন করতে ভিজিট করুন ক্যাসার ওয়েবসাইটে: https://inside.cassa.bd/forms/event/2026-07-12-b