আজ বিজ্ঞান উৎসব সিলেটে

বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের সিলেট আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হচ্ছে আজ, রোববার। সকাল ৮টায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রাঙ্গনে শুরু হয় এই উৎসব। উৎসবে উপস্থিত আছেন সিলেটের সেরা বিজ্ঞানী, অধ্যাপক, গবেষকসহ আরও অনেকে।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জামালউদ্দিন ভুইয়া এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য শহীদুল্লাহ তালুকদার, বিকাশের ইভিপি ও হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা হুমায়ুন কবির, অ্যাসিট্যান্ট ম্যানেজার মাহবুবুর রহমান, প্রথম আলোর প্রতিনিধি ও লেখক সুমনকুমার দাস, বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার ও সহসম্পাদক উচ্ছ্বাস তৌসিফ।

উৎসবে স্কুলের ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিচ্ছে প্রজেক্ট প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতায়। প্রজেক্ট প্রদর্শনীতে ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীরা একটি ক্যাটাগরিতে অংশ নিচ্ছে। কুইজ প্রতিযোগিতায় রয়েছে দুটি ক্যাটাগরি। নিম্নমাধ্যমিক ক্যাটাগরিতে অংশ নিচ্ছে ৬ষ্ঠ-৮ম শ্রেণির শিক্ষার্থীরা, আর মাধ্যমিক ক্যাটাগরিতে নিচ্ছে ৯ম-১০ম শ্রেণি ও চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীরা। শুধু নিবন্ধনকারী শিক্ষার্থীরাই এই দুই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।

সিলেট অঞ্চলের খুদে বিজ্ঞানীদের এই মিলনমেলায় আরও রয়েছে বিজ্ঞান ম্যাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রশ্নোত্তর পর্বসহ আরও অনেক মজার আয়োজন।

সারা দেশের স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞানে উৎসাহী করে তুলতে আয়োজিত হচ্ছে বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব। ইতিমধ্যে ঢাকা ও চট্টগ্রাম আঞ্চলিক পর্বের বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সিলেট আঞ্চলিক উৎসবের পর একে একে রংপুর, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগে অনুষ্ঠিত হবে বিজ্ঞান উৎসবের আঞ্চলিক পর্ব। সবশেষে জাতীয় পর্বের মাধ্যমে শেষ হবে এ আয়োজন। আঞ্চলিক উৎসবের বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিত জাতীয় উৎসবে অংশ নেওয়ার সুযোগ পাবে। আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।

বিজ্ঞান উৎসবের যেকোনো খবর জানতে চোখ রাখুন bigganchinta.com-এ, বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব ও বিজ্ঞানচিন্তার ফেসবুক পেজ ও গ্রুপে, প্রথম আলোয় এবং বিজ্ঞানচিন্তার প্রিন্ট সংস্করণে।