শেষ হলো বুয়েটের দুই মাসব্যাপী আয়োজন ইলেকট্রেজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২৫তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে আয়োজিত হলো ‘ইলেকট্রেজ ২০২৬’। ২৭ আগস্ট, ইইই-এর ২৪ ব্যাচের আয়োজনে শেষ হয় দুই মাসের এই নবীনবরণ অনুষ্ঠান। এবারের থিম ছিল, ‘উইথ গ্রেট মেরিট, কামস গ্রেট রেসপন্সিবিলিটি’।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পাশাপাশি এদিন ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। শুরুতেই আয়োজন করা হয় আইস-ব্রেকিং সেশন। এরপর কেক কাটা, সিনিয়রদের দিকনির্দেশনামূলক বক্তব্য এবং নানা প্রতিযোগিতার ঘোষণার মধ্য দিয়ে সূচনা ঘটে প্রায় ২ মাসব্যাপী উৎসবের।

জুলাই মাস থেকে শুরু হয় এই উৎসব। এ সময় মাঠের লড়াইয়ে ছিল ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন। পাশাপাশি আয়োজিত হয় ইন্টিগ্রেশন বি ও সার্কিড অলিম্পিয়াড। অ্যানিমে, সাহিত্য, সিনেমা ও সিরিজের ওপর অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। ই-স্পোর্টসপ্রেমীদের জন্য ছিল ভ্যালোরেন্ট, ই-ফুটবল, এফসি ২৬ এবং ক্ল্যাশ রয়্যাল। আরও ছিল দাবা, ক্যারম ও কার্ড প্রতিযোগিতা।

আরও পড়ুন

তবে পুরো আয়োজনে অন্যতম মূল আকর্ষণ ছিল প্রায় ১২ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ট্রেজার হান্ট। এতে বিভিন্ন থিমের ওপর ভিত্তি করে বানানো প্রশ্ন ও ধাঁধা সমাধান করতে হয়। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে লুকানো ক্লু খুঁজে বের করাই ছিল এর মূল লক্ষ্য।

এ ছাড়া ভিডিও বার্তায় নবীনদের অভিনন্দন জানান বুয়েটের ইইই বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান অ্যালামনাই মাকসুদুল হোসেন জুয়েল এবং আশিকুজ্জামান রাসেল।

সিনিয়র ও জুনিয়রদের মধ্যে কোনো সংঘাত নয়; বরং ভালোবাসা, শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে যে চমৎকার আত্মিক বন্ধন গড়ে তোলা সম্ভব, তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ইলেকট্রেজ।

এই উৎসবে ম্যাগাজিন পার্টনার ছিল বিজ্ঞানচিন্তা।

আরও পড়ুন