আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডের বাংলাদেশ দল ঘোষণা

৫৫তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিতব্য এ অলিম্পিয়াডে অংশ নেবে পাঁচ সদস্যের বাংলাদেশ দল। এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২৫ জুলাই পর্যন্ত।

এ দলের সদস্যরা হলো সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের একাদশ শ্রেণির শিক্ষার্থী আদিত্য রহমান, গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থী মো. ফাইয়াজ সিদ্দিকী, নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফাহিম ফারবিন, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী নাফিস সাদিক এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সিএম রাফাত হাসনাইন।

দলের সঙ্গে কোচ হিসেবে থাকবেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ফিজিক্যাল সায়েন্সেসের অধ্যাপক আরশাদ মোমেন। আর দলনেতা হিসেবে থাকবেন বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাসুদ।

এর আগে, এই দল গঠনের লক্ষ্যে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড আয়োজন করে। এবারের অলিম্পিয়াডে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০ হাজার শিক্ষার্থী আঞ্চলিক পর্বে অংশ নেয়। আঞ্চলিক পর্ব থেকে বাছাই করা ১৪০০ শিক্ষার্থী জাতীয় পর্বে অংশ নিয়েছে। জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি)। এ পর্বের বিজয়ী শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েক দফা ক্যাম্প ও পরীক্ষার মাধ্যমে গঠিত হয়েছে বাংলাদেশ ফিজিক্স দল।

বাংলাদেশ ২০১১ সাল থেকে নিয়মিতভাবে আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। এখন পর্যন্ত দেশের প্রতিযোগীরা৩টি রুপা, ১৯টি ব্রোঞ্জ পদক এবং ২০টি সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে।