আজ ইয়ুথ ফর সায়েন্সের সমাপনী পর্ব

আজ ১৫ অক্টোবর, শনিবার অনুষ্ঠিত হচ্ছে ফিউচার ফার্মিং বাংলাদেশ-বিজ্ঞানচিন্তা ‘ইয়ুথ ফর সায়েন্স ২০২২’-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী। রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পর্দা নেমেছে এ আয়োজনের।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রশাসনিক ভবনে সকাল ৯টায় এ অনুষ্ঠান শুরু হয়। চলবে ১২.৩০ পর্যন্ত।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শহীদুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে আছেন রম্যলেখক ও কার্টুনিস্ট এবং মাসিক উন্মাদ-এর সম্পাদক আহসান হাবীব, কথাসাহিত্যিক ও কিশোর আলোর সম্পাদক আনিসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিদ্যার অধ্যাপক ড. আরশাদ মোমেন, চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের পরিচালক ও অণুজীববিজ্ঞানী সেঁজুতি সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিনপ্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক মুশতাক ইবনে আয়ুব, ফার্মিং ফিউচার বাংলাদেশ (এফএফবি)-এর সিইও এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ আরিফ হোসাইন, সহযোগী পরিচালক আনোয়ার ফারুক, বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুমসহ আরও অনেকে।

ফার্মিং ফিউচার বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ আরিফ হোসাইন এ প্রসঙ্গে বলেন, ‘এ আয়োজনের অংশ হতে পেরে আমি আনন্দিত। ২০১৯ সাল থেকেই আমরা তরুণদের জন্য ‘ইয়ুথ ফর সায়েন্স আয়োজনের চেষ্টা করি। তবে করোনা মহামারিতে এ কার্যক্রম বেশিদূর এগোয়নি। বর্তমানে আমরা বিজ্ঞানচিন্তার সঙ্গে মিলে তরুণদের আগ্রহী করে তোলার লক্ষে কাজ করে যেতে চাই।’

বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘বাংলাদেশের গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে তরুণদের আগ্রহী ও ক্ষমতায়নের জন্যই আমাদের সব প্রচেষ্টা। আমরা চাই বিজ্ঞানচিন্তা পড়ে ও এসব বিজ্ঞানায়োজনে এসে তরুণরা নিজেই বলবে—আমি বিজ্ঞানী হব।’

অনুষ্ঠানটিতে বিজ্ঞান বক্তৃতা, প্রশ্নোত্তর পর্বসহ রয়েছে নানা আয়োজন। একইসঙ্গে বিজ্ঞানচিন্তার প্রতিষ্ঠাবার্ষিকীর মূল উৎসবেরও সূচনা হচ্ছে এ অনুষ্ঠানে।

এর আগে, গত সেপ্টেম্বরে ফিউচার ফার্মিং বাংলাদেশ এবং বিজ্ঞানচিন্তা যৌথভাবে ‘ইয়ুথ ফর সায়েন্স ২০২২ আয়োজন করে। সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় তিনটি বিভাগে (রচনা, ফটোগ্রাফি ও কুইজ) অংশগ্রহণ করে। গত ১১ অক্টোবর, মঙ্গলবার এ আয়োজনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়। এতে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা ১০, ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা ১০ এবং কুইজে অংশ নেওয়া সেরা ৭৪ বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। আজ তাদের মধ্য থেকে চূড়ান্ত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন সম্মানিত অতিথিরা।

খাদ্যশস্য উৎপাদনে জিন প্রকৌশলসহ আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছে ফার্মিং ফিউচার বাংলাদেশ। আর বিজ্ঞানচিন্তা বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন। সারা দেশে সর্বস্তরে বিজ্ঞান ছড়িয়ে দিতে এবং তরুণদের বিজ্ঞান মনস্ক করতে কাজ করে যাচ্ছে ম্যাগাজিনটি।