রাজধানীর সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজে শুরু হয়েছে ১৩ তম এসজিএইচএসসি বিজ্ঞান উৎসব। শনিবার সকাল নটায় জেনারেল সায়েন্স অলিম্পিয়াডের মধ্য দিয়ে পর্দা উঠেছে এ বিজ্ঞান উৎসবের।
তীর (সিটি গ্রুপ)-এর সহযোগিতায় আয়োজিত এই বিজ্ঞান উৎসবের আয়োজক গ্রেগরিয়ান সায়েন্স ক্লাব। ঢাকার প্রায় ৬৫ শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী এ উৎসবে অংশ নিচ্ছে।
শনিবার আয়োজিত হচ্ছে মোট ছয়টি অলিম্পিয়াড—জেনারেল সায়েন্স, ম্যাথ, ফিজিকস, কেমিস্ট্রি, বায়োলজি ও আইটি অলিম্পিয়াড। গ্রেগরিয়ান সায়েন্স ক্লাবের মডারেটর এবং স্টেন্ট গ্রেগরি হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজের পদার্থবিজ্ঞানের শিক্ষক সুখন চন্দ্র দাস জানান, জেনারেল সায়েন্স ও ম্যাথ অলিম্পিয়াডে সবচেয়ে বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এ দুটির প্রতিটিতে অংশ নিয়েছে ৮ শরও বেশি শিক্ষার্থী। অন্যান্য অলিম্পিয়াডে অংশগ্রহণকারীর সংখ্যা গড়ে প্রায় ৫ শ জন।
উৎসবের মূল আয়োজন শুরু হবে ২৩ জুন বৃহস্পতিবার। ওই দিন বিকেল ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হবে। এরপর শুরু হবে প্রজেক্ট এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক দেয়াল প্রত্রিকা প্রদশনী। এ প্রদর্শনী চলবে ২৫ জুন পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান, বিজ্ঞান অনুষদের প্রাক্তন ডিন ও IQAC-এর পরিচালক মো. কামরুল আলম খান। বিজ্ঞান উৎসবে প্রদর্শিত প্রজেক্টগুলো মূল্যায়ন করবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ জন শিক্ষক।
২৫ জুন শনিবার পুরস্কার-বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজ্ঞান উৎসবের পর্দা নামবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের রেজিস্টার গ্রেগরিয়ান অধ্যাপক ইফফাত কায়েস চৌধুরী।
উল্লেখ্য, বিজ্ঞান উৎসবে দুটি ক্যাটাগরিতে বয়সভিত্তিক পাঁচটি গ্রুপে ভাগ হয়ে শিক্ষার্থীরা উৎসবে অংশ নিতে পারবে। তৃতীয়-চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা কিডস গ্রুপ, পঞ্চম-ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা জুনিয়র গ্রুপ, সপ্তম-অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ইন্টারমিডিয়েট গ্রুপ, নবম-দশম শ্রেণির শিক্ষার্থীরা সিনিয়র গ্রুপ এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা কলেজ গ্রুপে অংশগ্রহণ করবে।
তীরের (সিটি গ্রুপ) পৃষ্ঠপোষকতায় এই বিজ্ঞান উৎসবে সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো।