চট্টগ্রামে জ্যোতির্বিজ্ঞান কর্মশালা আয়োজিত

চট্টগ্রামে আয়োজিত হলো দুই দিনের জ্যোতির্বিজ্ঞান কর্মশালা। ২১ ও ২২ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম গবেষণাকেন্দ্রের অধ্যাপক অঞ্জন কুমার চৌধুরী। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক রাজিব কর্মকার, জামাল নজরুল ইসলাম গবেষণাকেন্দ্রের ডেপুটি রেজিস্ট্রার শরীফ মাহমুদ সিদ্দিকী, চট্টগ্রাম অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সহসভাপতি মো. আবু আজাদ তামিম, সম্পাদক নুসরাত মাহজাবিন তানহা, এস এম মাহথির রহমান এবং হাসান মাহমুদ সজীব।

কর্মশালায় জ্যোতির্বিজ্ঞানের মৌলিক বিষয়ের পাশাপাশি গাণিতিক কসমোলজি ও মহাকাশবিজ্ঞান, ভিনগ্রহ নিয়ে আলোচনা এবং টেলিস্কোপের গঠন ও আকাশ পর্যবেক্ষণের পদ্ধতিগুলো হাতে-কলমে প্রদর্শন করা হয়।

নবম থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এই আয়োজনে আরও ছিল হ্যান্ডস-অন অ্যাকটিভিটি, টেলিস্কোপে দিন ও রাতের আকাশ পর্যবেক্ষণ, অ্যাস্ট্রো টক এবং স্পেস ডিবেট।

এরপর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই পর্বে সভাপতিত্ব করেন চট্টগ্রাম অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মোরসালিন অন্তর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোনমি এডুকেশন কো-অর্ডিনেটর এবং চুয়েট গণিত বিভাগের অধ্যাপক উজ্জ্বল কুমার দেব।

কর্মশালাটি আয়োজন করে চট্টগ্রাম অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। সহযোগিতায় ছিল নক-বিডি ও চট্টগ্রাম অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির অ্যাকাডেমিক সদস্যরা। পৃষ্ঠপোষকতায় ছিল বায়েজিদ রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড।

আরও পড়ুন