আয়োজিত হলো জেইবি সেমিনার সিরিজের পঞ্চম পর্ব। ৫ সেপ্টেম্বর, মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের (জেইবি) সেমিনার কক্ষে এ সেমিনার আয়োজিত হয়। আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ। সেমিনারটির বিষয় ছিল এমআরএনএ প্রযুক্তি, টিকা ও আগামীদিনের গবেষণা।
সেমিনারে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ও সানোফি ইউএসএ-এর প্রিন্সিপ্যাল সায়েন্টিস্ট মুহাম্মদ আরিফুল ইসলাম তাঁর গবেষণা উপস্থাপন করেন। এর আগে, আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সভাপতি অধ্যাপক নাজনিন নাহার ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন একই বিভাগের অধ্যাপক মোহাম্মদ আল ফোরকান, এ এম মাসুদুল আজাদ চৌধুরী, অধ্যাপক লুলু ওয়াল মারজান, এস এম রফিকুল ইসলাম, এ এম আবু আহমেদ, মোহাম্মদ রফিকুল ইসলাম এবং আদনান মান্নান। এছাড়া বিভাগের বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন রাহী হাসান চৌধুরী এবং মোহাব্বত হোসেন।
আরিফুল ইসলামের আলোচনায় উঠে আসে এমআরএনএ প্রযুক্তির নানা দিক। কীভাবে এ প্রযুক্তি চিকিৎসা পদ্ধতিকে বদলে দিচ্ছে, কোভিড মোকাবিলা ও টিকা উদ্ভাবনে কীভাবে ভূমিকা রাখছে—তা তুলে ধরেন তিনি। ক্যান্সার প্রতিরোধে এমআরএনএ টিকা কীভাবে আগামী দিনে নেতৃত্ব দেবে, তা-ও উঠে আসে তাঁর বক্তব্যে। এ ছাড়াও ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানগুলো এ প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে কী পরিকল্পনা করছে, সে বিষয়েও আলোচনা করেন বিস্তারিত। পুরো আয়োজন সঞ্চালনা করেন সাবরিনা সামিন আলম।