আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের পদক

১৯তম আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে একটি ব্রোঞ্জপদক পেয়েছে বাংলাদেশ দল। পাশাপাশি সম্মানসূচক স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশের তরুণ প্রতিযোগীরা। এছাড়া দলগত প্রতিযোগিতায়ও টানা দ্বিতীয়বারের মতো হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন।

বাংলাদেশের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছে আরাশ জুহাইর উদয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিনিধিদের মধ্যে সে ছিল সবচেয়ে কমবয়সী। দলের আরেক সদস্য মো. তালহা জুবায়ের পেয়েছে সম্মানসূচক স্বীকৃতি।

দলগত প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্যে অবদান রেখেছে জুনায়েদ লাবিব আল ওয়াসী। এ ছাড়া দলের মূল সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সাজিদ আমান ও মো. রাদিত রাইয়ান। প্রতিযোগিতায় বাংলাদেশ দলের দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন ফাহিম রাজিত হোসেন ও অর্ণব চৌধুরী।

ভিয়েতনামের হ্যানয়ে ৪ অক্টোবর এই প্রতিযোগিতা শুরু হয়। জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞানের তাত্ত্বিক সমস্যা সমাধান, উপাত্ত বিশ্লেষণ এবং মহাকাশ পর্যবেক্ষণভিত্তিক বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে প্রতিযোগীদের দক্ষতার মূল্যায়ন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের সাড়ে পাঁচ শতাধিক প্রতিনিধি ও প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই আয়োজন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের তরুণদের মেধা ও সক্ষমতা তুলে ধরেছে।

আরও পড়ুন