বিজ্ঞানচিন্তার জন্মদিন উদযাপন

ছয় পেরিয়ে সাতে পড়ল দেশের জনপ্রিয় বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা। শুরু থেকেই দেশের কিশোর ও তরুণদের মাঝে বিজ্ঞান সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ম্যাগাজিনটি কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় ম্যাগাজিনটি আজ ১৫ অক্টোবর, শনিবার ছয় বছর পূর্ণ করল।

জন্মদিনে চলতি বছরের অক্টোবর সংখ্যা (বিজ্ঞানে নোবেল ২০২২) প্রকাশের পাশাপাশি ফার্মিং ফিউচার বাংলাদেশ (এফএফবি)-এর সঙ্গে আয়োজিত ‘ইয়ুথ ফর সায়েন্স ২০২২’-এর সমাপনী অনুষ্ঠানেরও আয়োজন করেছে বিজ্ঞানচিন্তা। অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে উপস্থিত শতাধিক দর্শক ও অতিথিকে সঙ্গে নিয়ে জন্মদিন উদযাপন করেছে ম্যাগাজিনটি। এ সময় বিজ্ঞানচিন্তার থিম সং বাজানো হয়।

বিজ্ঞানচিন্তার সাম্প্রতিক অক্টোবর ২০২২ সংখ্যা হাতে ইয়ুথ ফর সায়েন্স ২০২২- এর সমাপনী পর্বে প্রতিযোগীরা

এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞানী ও গবেষকদের অনেকে। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রম্যলেখক ও কার্টুনিস্ট এবং মাসিক উন্মাদ-এর সম্পাদক আহসান হাবীব, কথাসাহিত্যিক ও কিশোর আলোর সম্পাদক আনিসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিনপ্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক মুশতাক ইবনে আয়ুব, রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শহীদুর রশীদ ভূঁইয়া, বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুমসহ আরও অনেকে।

বিজ্ঞানচিন্তার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘চারপাশের সবকিছু জানতে–বুঝতে চাওয়ার নামই আসলে বিজ্ঞান। তারুণ্যের প্রধান শক্তি এই বিজ্ঞান। এ দুটি এক সুতোয় গাঁথা। মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা এই বন্ধন দৃঢ়তর করতে চায়। বাংলাদেশের গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে তরুণদের আগ্রহী ও ক্ষমতায়নের জন্যই আমাদের সব প্রচেষ্টা। নিয়মিত বিজ্ঞানচিন্তা পড়লে আপনি নিজেই বলবেন, আমি হব বিজ্ঞানী।’

বক্তব্য দিচ্ছেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক

কিশোর আলোর সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ‘বাংলাদেশে আগেও অনেক বিজ্ঞান সাময়িকী প্রকাশিত হয়েছে। বিজ্ঞান সাময়িকী নামেও একটি সাময়িকী ছিল। কিন্তু ধারাবাহিকভাবে কেউ তরুণদের এতটা প্রভাবিক ও বিজ্ঞান সচেতন করতে পারেনি। আমরা ভাবি, আমাদের তরুণরা বই পড়ে না। এটা ঠিক না। এই যে এত বিজ্ঞানচিন্তা প্রকাশিত হচ্ছে গত ছয় বছর ধরে, এগুলো আমাদের তরুণরা পড়ছে। তারা ভবিষ্যতে আমাদের দেশকে আরও সমৃদ্ধ করবে।’

বক্তব্য দিচ্ছেন বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম

উল্লেখ্য, আব্দুল কাইয়ুমের সম্পাদনায় ২০১৬ সালের অক্টোবরে আত্মপ্রকাশ করে মাসিক বিজ্ঞানচিন্তা। এ পর্যন্ত ম্যাগাজিনটির ৭০টি সংখ্যা প্রকাশিত হয়েছে। শুরুটা হয়েছিল স্টিফেন হকিংকে নিয়ে মলাট কাহিনি প্রকাশের মাধ্যমে। তারপর এ ছয় বছরে কোয়ান্টাম বলবিদ্যা থেকে কৃষিবিজ্ঞান, জলবায়ু থেকে আধুনিক ডিজিটাল বিশ্বের মুদ্রা ক্রিপ্টোমুদ্রা, বাংলাদেশী ও বাঙালি বিজ্ঞানীদের ঐতিহাসিক ও সাম্প্রতিক গবেষণা, কল্পবিজ্ঞান থেকে বিজ্ঞানের চলতি খবর—সবকিছুই সহজ ভাষার সর্বস্তরের পাঠকের কাছে পৌঁছে দিয়েছে ম্যাগাজিনটি। ভবিষ্যতেও সর্বস্তরে বিজ্ঞান ছড়িয়ে দিতে কাজ করে যাবে বিজ্ঞানচিন্তা।