আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের ৩৫তম আসর চলছে কাজাখস্তানের রাজধানী আস্তানায়। গত ৭ জুলাই, রোববার শুরু হয় এ অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান। চলবে ১৪ জুলাই, রোববার পর্যন্ত। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড দল বর্তমানে আস্তানায় রয়েছে।
বাংলাদেশের চার সদস্যের দলের দলনেতা হিসেবে রয়েছেন আন্তর্জাতিক জুরি ও বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তী। আর দলের চার সদস্য হলেন রাজশাহীর গভ. ল্যাব হাইস্কুলের ফায়েজ আহমেদ, চট্টগ্রাম ক্যান্ট. পাবলিক স্কুলের রাইসা ফাবিহা জান্নাত, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের হা-মীম রহমান ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের স্বপ্না মন্ডল।
৭ জুলাই বিশ্বের ৮০টি দেশের শিক্ষক-জুরি এবং শিক্ষার্থীদের নিয়ে কাজাখস্তানের রাজধানী আস্তানায় প্যালেস অব পিস অ্যান্ড রিকনসিলিয়েশনে সন্ধ্যায় আয়োজিত হয় আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজাখস্তানের শিক্ষামন্ত্রী গানি বাইজেমবেইয়েভ।
আজ ৮ জুলাই সকাল থেকে শুরু হয়েছে চারটি ব্যবহারিক পরীক্ষার প্রশ্নপত্র চূড়ান্তকরণ এবং অনুবাদের কাজ। শিক্ষার্থীরা এ সময় ল্যাবরেটরিতে অনুশীলনে অভ্যস্ত ছিল। এ প্রসঙ্গে বাংলাদেশ দলের জুরি ও দলনেতা সৌমিত্র চক্রবর্তী বলেন, ‘এ বছর বাংলাদেশ থেকে জুরি হিসেবে আমি একাই এসেছি। তাই চাপ একটু বেশি। তবে বাংলাদেশ দল যাতে সর্বোচ্চটা দিতে পারে, তা নিশ্চিত করতে আমার চেষ্টা অব্যাহত থাকবে। বিগত দুই বছরে বাংলাদেশ দল মোট ৭টি ব্রোঞ্জ পদক পেয়েছে। আশা করি, এ বছরেও সে ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ দল ভালো কিছু করবে।'
আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল তৈরি করতে এর আগে ১১টি আঞ্চলিক উৎসব আয়োজিত হয় দেশের বিভিন্ন অঞ্চলে। আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হয় জাতীয় উৎসব। এ পর্বের বিজয়ীদের নিয়ে পরে ক্যাম্প আয়োজিত হয়। সেখানেই বাছাই করা হয় সেরা ৪ শিক্ষার্থীকে। তারাই ৩৫তম আসর বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে।
বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের (বিডিবিও) আয়োজক বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি। প্রশিক্ষণে সহায়তা করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি। কারিগরি সহযোগিতা দিয়েছে ল্যাব বাংলা। এ ছাড়া ম্যাগাজিন পার্টনার হিসাবে ছিল কিশোর আলো এবং বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।