৭ম বাংলাদশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বের ফল প্রকাশিত

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৭ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (বিডিজেএসও ২০২১) অনলাইন আঞ্চলিক পর্বের ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার বিডিজেএসও-র ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়।

অনলাইন আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছিল চারটি ক্যাটাগরিতে। প্রাইমারি (৩য়-৫ম), জুনিয়র (৬ষ্ঠ-৮ম), সেকেন্ডারি (৯ম-১০ম) এবং স্পেশাল (১১শ-১২শ শ্রেণির যেসব শিক্ষার্থীর জন্ম তারিখ ২০০৬ সালের ১ জানুয়ারির পরে)। প্রতিটি ক্যাটাগরি থেকে প্রায় ২৫ শতাংশ শিক্ষার্থীকে জাতীয় পর্বের জন্য নির্বাচিত করা হয়েছে।

আগামী ১৩ আগস্ট অনলাইন আঞ্চলিক পর্বে বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হবে জাতীয় পর্ব। এরপর ক্যাম্প ও টিম সিলেকশন টেস্টের মাধ্যমে সেরা ৬ জনকে বাছাই করে আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দল গঠন করা হবে।

এর আগে গত ৬ আগস্ট, শুক্রবার দেশের ৬৪টি জেলার ৪৩২টি উপজেলার তৃতীয় থেকে একাদশ শ্রেণীর প্রায় ১৩ হাজার শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করে। গত বছরের তুলনায় এ বছর ৩৩ শতাংশ বেশি শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে। এছাড়া এ অলিম্পিয়াডে রেজিস্ট্রেশনকৃত নারী শিক্ষার্থীর সংখ্যা ৪০%, যা বেশ আশাজনক একটি বিষয়।

বিডিজেএসও-২০২১ যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। আয়োজনটির টাইটেল স্পন্সর হিসেবে আছে আল আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেড। এছাড়া সহযোগী হিসেবে আছে প্রথম আলো, নলেজ পার্টনার ম্যাসল্যাব, রেডিও পার্টনার ঢাকা এফএম 90.4 এবং ম্যাগাজিন পার্টনার মাসিক বিজ্ঞানচিন্তা।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৭ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (বিডিজেএসও ২০২১) অনলাইন আঞ্চলিক পর্বের ফলাফল পাওয়া যাবে এই লিংকে: https://online.bdjso.org/results/। পাশাপাশি অলিম্পিয়াডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.bdjso.org ওয়েবসাইটে। তাছাড়া যেকোনো তথ্যের জন্য [email protected] ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা যাবে।