বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি শিক্ষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন ঢাকার গ্রিন ইউনভার্সিটি অব বাংলাদেশের (জিইউবি) শিক্ষক মোল্লা শাহাদাত হোসাইন লিপু। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ের সম্প্রতি যৌথভাবে এ তালিকা প্রকাশ করেছে।

মোল্লা শাহাদাত হোসাইন গ্রিন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর  প্রকাশিত গবেষণা প্রবন্ধ নেচার, এলসেভিয়ার ও আইইইই ট্রানজেকশনের মতো জার্নালে প্রকাশিত হয়েছে। এ পর্যন্ত তাঁর গবেষণার সাইটেশন সংখ্যা প্রায় ৩ হাজার ৯০০টি। বর্তমানে তিনি যৌথভাবে গবেষণা করছেন অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, জাপান ও ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিজ্ঞানীদের সঙ্গে।

শাহাদাত হোসাইনের গবেষণার প্রধান বিষয় নবায়নযোগ্য শক্তি, ব্যাটারি, এনার্জি স্টোরেজ, বিকল্প শক্তির উৎস, ইলেকট্রিক ভেহিকেলস ও পাওয়ার ইলেকট্রনিকস। তিনি বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক এক্সিবিশন ও কনফারেন্সে বেস্ট পেপার অ্যাওয়ার্ড ও স্বর্ণপদকে ভূষিত হয়েছেন।

এ বিষয়ে মোল্লা শাহাদাত হোসাইন বলেন, যেকোনো অর্জনই আনন্দের। এ ধরনের অর্জন তাঁকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি গ্রিন ইউনিভার্সিটি ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভবিষ্যতে গবেষণায় উৎসাহী করে তুলবে।