নিজেই বানাই পেরিস্কোপ

ধরুন, একটি উঁচু দেয়ালের অপর পাশে দারুণ উত্তেজনাকর এক খেলা চলছে। যেকোনো কারণেই হোক আপনি সেখানে যেতে পারছে না। কিন্তু খেলাও হাতছাড়া করতে চাইছেন না। অথবা সাগরতলের ডুবোজাহাজে বসে দেখতে চাইছেন ওপরের দৃশ্য। অথবা নিশ্চিন্তে দেখতে চাইছেন পশুপাখির দৃশ্য। ওদের দেখতে চাইলে ওরা তো আপনাকে দেখে ফেলবে। তাহলে উপায়? বিজ্ঞান আছে, চিন্তা কী!

লাগবে একখানা পেরিস্কোপ। আড়ালে অবস্থান করে পর্যবেক্ষণের এক মোক্ষম হাতিয়ার। অথচ জিনিসটা খুবই সরল। একটি নলের দুই মাথায় দুটি দর্পণ। দুটোই ৪৫ ডিগ্রি কোণে রাখা। ব্যস। দেয়াল বা যেকোনো আড়ালের ওপারের দৃশ্য হাতের মুঠোয়।

পেরিস্কোপ কীভাবে কাজ করে

কোনো বস্তু থেকে আসা আলো আমাদের চোখে প্রবেশ করার কারণে আমরা দেখতে পাই। সাধারণ অবস্থায় আলো চলে সরলরেখায়। তাই কোনো বস্তু দেখতে হলেও সোজা সেদিকে তাকাতে হয়। কিন্তু পেরিস্কোপের সাহায্যে আলোকে বাঁকা পথে আমরা আমাদের চোখে নিয়ে আসতে পারি। পেরিস্কোপের দুটি দর্পণেই আলো ৪৫ ডিগ্রি করে বেঁকে এসে আমাদের চোখে আড়ালে থাকা বস্তুটির একটি দৃশ্য তৈরি করে।