কিশোরদের বিজ্ঞান গবেষণার জন্য চিলড্রেন রিসার্চ ফান্ড

স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য আবারো শুরু হচ্ছে চিলড্রেন রিসার্চ ফান্ড প্রোগ্রাম। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহী করে তুলতে এ প্রকল্পের আওতায় তাদের নিজস্ব গবেষণা প্রকল্পের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) এবং মাকসুদুল আলম বিজ্ঞানাগার (ম্যাসল্যাব) যৌথভাবে এ প্রকল্প আয়োজন করছে। ফান্ডের জন্য শিক্ষার্থীদের একটি গবেষণা প্রস্তাব জমা দিতে হবে নির্ধারিত লিঙ্কে। গবেষণা প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ: ৩১ ডিসেম্বর, ২০২৪।

শিক্ষার্থীরা ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান, প্রযুক্তি ও রোবটিকস, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সামাজিক বিজ্ঞান, কৃষি এবং শিক্ষা—এই বিষয়গুলোর ওপর গবেষণার লক্ষ্যে ফান্ডের জন্য আবেদন করতে পারবে। ২০২৪ সালে বাংলাদেশে ষষ্ঠ-অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা একটি বিভাগ, নবম-দশম শ্রেণির শিক্ষার্থীরা একটি বিভাগ ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা একটি বিভাগের আওতাধীন বলে গণ্য হবে। এক বা দুইজনের দল হিসেবে গবেষণার ধারণাপত্র ও প্রস্তাবনা জমা দেওয়া যাবে। তবে দলগতভাবে আবেদনের জন্য সদস্যদের সবাইকে একই বিভাগের হতে হবে। পাশাপাশি দলের সবার নাম, স্কুল-কলেজের নাম ও মেন্টরের নাম যুক্ত করতে হবে আবেদন পত্রে।

ধারণাপত্রে কী লিখতে হবে? গবেষণার নাম, বিষয়, কীভাবে গবেষণা করা হবে (অর্থাৎ গবেষণা পদ্ধতি), নির্দিষ্ট প্রকল্পের উদ্দেশ্য, ফলাফল এবং এর সম্ভাব্য প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করতে হবে সর্বোচ্চ এক বা দুই পাতার এই ধারণাপত্রে। 

ধারণাপত্র একবার বাতিল হলে আরেকটি ধারণাপত্র জমা দেওয়া যাবে। গবেষণার সর্বোচ্চ সময়সীমা এক থেকে তিন মাস। এর মধ্যেই ফলাফলসহ প্রয়োজনীয় রিপোর্ট তৈরি করতে হবে।

ধারণাপত্র বা কনসেপ্ট পেপার জমা দেওয়ার পর ম্যাসল্যাবের ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে গৃহীত হয়েছে কি না। হলে, ধারণাপত্র অনুযায়ী সম্ভাব্য খরচসহ রিসার্চ প্রপোজাল বা গবেষণা প্রস্তাব তৈরি করতে হবে। এতে গবেষণা ও গবেষণা পদ্ধতি, ফলাফল ও প্রভাবের বিস্তারিত থাকবে। সেই সঙ্গে লিখতে হবে এ জন্য কী ধরনের সরঞ্জাম প্রয়োজন, এগুলোর মূল্য, গবেষণার জন্য কী ধরনের ল্যাব বা প্রশিক্ষণ দরকার ইত্যাদি। যে শিক্ষক বা মেন্টরের সাহায্য নিয়ে এ গবেষণা করা হবে, তাঁর একটি সুপারিশপত্র বা রেফারেন্স লেটারও যুক্ত করতে হবে এই প্রস্তাবনার সঙ্গে। ফান্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের এই প্রস্তাবনা অনুসারে প্রয়োজনীয় সরঞ্জাম, প্রশিক্ষণ ও ভাতা দেওয়া হবে। বরাদ্দ ফান্ড ব্যবহার করতে হবে নির্দিষ্ট খাতে, অন্য কোনো খাতে ব্যবহার করা যাবে না। পাশাপাশি এসপিএসবি ও ম্যাসল্যাবের নির্দেশনা অনুসরণ করতে হবে এবং প্রকল্পের ফলাফল প্রতিষ্ঠান দুটিকে জানাতে হবে সবিস্তারে।

ধারণাপত্র একবার বাতিল হলে আরেকটি ধারণাপত্র জমা দেওয়া যাবে। গবেষণার সর্বোচ্চ সময়সীমা এক থেকে তিন মাস। এর মধ্যেই ফলাফলসহ প্রয়োজনীয় রিপোর্ট তৈরি করতে হবে। তবে যাদের ধারণাপত্র গৃহীত হবে, তাদের ‘গবেষণা প্রস্তাব কীভাবে লিখতে হবে’ এ বিষয়ে অনলাইনে ওয়ার্কশপ করানো হবে।

আবেদনপত্র মূল্যায়ন করবেন একদল বিশেষজ্ঞ। প্রস্তাবনা জমা দেওয়ার দুই সপ্তাহ পরে জানা যাবে, গৃহীত হয়েছে কি না। প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যাবে ম্যাসল্যাবের ওয়েবসাইটে। নির্দেশনা ও আবেদনের নিয়মাবলী সম্পর্কে আরও বিস্তারিত জানতে দেখুন: maslab.org/crf।