প্রিয় বিজ্ঞানচিন্তা

বিজ্ঞানচিন্তার সঙ্গে আমার পরিচয় খুব বেশি দিনের নয়, কিন্তু অল্প সময়ের মধ্যেই এটি আমার নিয়মিত পড়ার তালিকায় জায়গা করে নিয়েছে। বিজ্ঞানকে আগে শুধু পাঠ্যবইয়ের বিষয় হিসেবেই দেখতাম, কিন্তু বিজ্ঞানচিন্তা পড়ার পর বুঝতে পেরেছি, আমাদের চারপাশের প্রায় প্রতিটি কৌতূহলের পেছনেই বিজ্ঞানের কোনো না কোনো ব্যাখ্যা রয়েছে।

বিজ্ঞানচিন্তার সবচেয়ে ভালো লাগার দিক হলো জটিল বৈজ্ঞানিক বিষয়গুলোও সহজ, সাবলীল ও আকর্ষণীয় ভাষায় উপস্থাপন করা। নতুন নতুন আবিষ্কার, মহাকাশ, প্রযুক্তি, পরিবেশ কিংবা দৈনন্দিন জীবনের বিজ্ঞান—প্রতিটি বিষয়ই আমাকে নতুন কিছু জানতে এবং আরও প্রশ্ন করতে আগ্রহী করে তোলে। কোনো কোনো লেখা ও পড়ার পর মনে হয়, বই বন্ধ করার পরও বিষয়টি নিয়ে ভাবতে ইচ্ছা করছে—একজন পাঠকের জন্য এটিই হয়তো একটি ভালো বিজ্ঞান সাময়িকীর সবচেয়ে বড় সার্থকতা।

বিশেষ করে শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানচিন্তার ভূমিকা আমার কাছে গুরুত্বপূর্ণ। এটি শুধু তথ্য দেয় না, বরং জানার আগ্রহ, প্রশ্ন করার সাহস এবং যুক্তি দিয়ে ভাবার অভ্যাস তৈরি করে। ভবিষ্যতেও বিজ্ঞানচিন্তা একইভাবে তরুণ প্রজন্মের কৌতূহলকে আরও সমৃদ্ধ করবে—এটাই প্রত্যাশা।

দীর্ঘদিন আমাদের কৌতূহলের সঙ্গী হয়ে থাকুক প্রিয় বিজ্ঞানচিন্তা।

শুভকামনা রইল।

জান্নাতুন নূর রীহা, নবম শ্রেণি, ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়, ঢাকা