বিজ্ঞানচিন্তা বিজ্ঞানকে সহজ করেছে
অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরের সংখ্যাগুলো ছিল অনন্য। অক্টোবরে 'বিজ্ঞানে নোবেল পুরস্কার', নভেম্বরে 'হোয়াইট হোলস' ও ডিসেম্বরে 'কৃত্রিম সূর্য' তথা 'ফিউশন এনার্জি'-প্রতিটিই ছিল অনন্য। সংখ্যাগুলো পড়ে আমার খুব ভালো লাগল। এসব বিষয়ে স্পষ্টভাবে জানতেও পারলাম।
তোমার সব সংখ্যায়ই বিষয়গুলো সম্পর্কে সহজে উদাহরণসহ বুঝিয়ে দাও। আজ পর্যন্ত বিজ্ঞানচিন্তায় যেসব বিষয় পড়েছি, তার সবই সহজ লেগেছে। বিজ্ঞানচিন্তা বিজ্ঞানকে সহজ করেছে। হয়তো যারা বিজ্ঞানকে ভয় পেত এবং অপছন্দ করত, তোমার কারণে তাদের পছন্দের বিষয় এখন বিজ্ঞান।
গত সংখ্যায় (নভেম্বর) আমার প্রথম চিঠি ছাপিয়েছ দেখে আমি অনেক খুশি। কিন্তু ড. রেজাউর রহমান স্যারের মৃত্যুর খবরে অনেক খারাপ লাগে। কারণ, আমি বিজ্ঞানচিন্তার প্রথম যে সংখ্যাটি পড়েছি, সেটিতে তাঁর সাক্ষাৎকার ছিল। বিস্ময়কর ব্যাপার যে তিনি একই সঙ্গে কীটপতঙ্গবিদ ও পরমাণুবিজ্ঞানী। অনেকেই বলেন, 'একজন একসঙ্গে দুই নৌকা চালাতে পারে না।' অর্থাৎ একজন একসঙ্গে অনেক কিছু হতে পারে না। কিন্তু ড. রেজাউর রহমান স্যার সে প্রবাদ মিথ্যা প্রমাণ করেছেন। তিনি একই সঙ্গে বিজ্ঞানের সম্পূর্ণ ভিন্ন দুটি বিভাগে কাজ করেছেন, যা আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তিনি বিজ্ঞানচিন্তার উপদেষ্টাও ছিলেন। এসব নিয়ে তিনি অমর।
বিজ্ঞানচিন্তা আমার অনেক পছন্দের ম্যাগাজিন। বিজ্ঞানচিন্তার পাঠক হতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। বিজ্ঞানচিন্তার সার্বিক মঙ্গল ও ড. রেজাউর রহমান স্যারের আত্মার মাগফিরাত কামনা করছি।