বৈশ্বিক উষ্ণতা কমাবে কাঠের দালান?

বিজ্ঞানচিন্তার একটি ফিচারে পড়েছি, বৈশ্বিক উষ্ণতা কমাবে কাঠের দালান। কিন্তু এর জন্য প্রচুর কাঠ কাটতে হবে। ফলে বৈশ্বিক উষ্ণতা কি বাড়বে না?

প্রশ্নটি করেছে, চট্টগ্রামের রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ের মোহাম্মদ আসাদুল হোসেন

প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নেয়া যাক। আমরা সাধারণত কাঠকে কেবল জ্বালানী হিসেবে পুড়িয়ে ফেলার জন্যই বেশি ব্যবহার করে থাকি। যতক্ষণ পর্যন্ত আমরা কাঠকে না পুড়িয়ে ভবন বা আসবাব তৈরিতে ব্যবহার করছি, ততক্ষণ পর্যন্ত এটি কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইডকে পরিবেশের সাথে মিশতে দিচ্ছে না। ফলে বায়ুমণ্ডলে মোট কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়তে পারছে না। এভাবেই এটি বৈশ্বিক উষ্ণতা প্রশমনে ভূমিকা রাখছে।

এবার, আপনার প্রশ্নের উত্তরে আসি। বনভূমি থেকে অধিক পরিমাণে শুকনো কাঠ কাটার পর সেগুলোকে যদি জ্বালানী হিসেবে পুড়িয়ে ফেলা হয়, তাহলে কী ঘটবে? অবশ্যই বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধি পাবে এবং সেটি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে সহায়তা করবে। কাজেই, এমন একটি উপায়ে বনভূমি থেকে কাঠ সংগ্রহ করতে হবে যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে এবং জীববৈচিত্র্য বিপন্ন না হয়। তাহলে অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইডকে আমরা ধরে রাখতে সক্ষম হবো। নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি ও বনভূমি সংরক্ষণ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে।

উত্তর দিয়েছে, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর রিভনাত