সত্যিকারের টাইম ট্রাভেলার

সের্গেই কনস্ট্যান্টিনোভিচ ক্রিকালেভ সাবেক সোভিয়েত ইউনিয়নের একজন কিংবদন্তি নভোচারী। মহাকাশে তিনি ৮০৩ দিন ৯ ঘণ্টা ৩৯ মিনিট অবস্থান করেছিলেন। তিনি পৃথিবীকে প্রদক্ষিণ করেন ৫ হাজার বার! মজার বিষয় হলো বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন, তিনি প্রকৃত অর্থেই টাইম ট্রাভেল করেছেন। মহাকাশে গতিশীল অবস্থায় দীর্ঘদিন ছিলেন। আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতার কাল দীর্ঘায়নের সূত্রমতে, তাঁর ঘড়ি কিছুটা ধীর হয়ে যায়। হিসাবমতে, মহাকাশ ভ্রমণকালে তাঁর কাল দীর্ঘায়ন হয়েছিল ০.০২ সেকেন্ড। অর্থাৎ পৃথিবীর তুলনায় তাঁর বয়স ০.০২ সেকেন্ড কম বেড়েছে!

১৯৯১ সালের ২৬ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন বিভক্ত হয়ে যায়। এ ঘটনার প্রায় ৭ মাস আগে তিনি পৃথিবী ও নিজ দেশ ছেড়ে মহাকাশের পথে পাড়ি জমান। ওই সময় তিনি মির মহাকাশ স্টেশনে বাস করেন। সেখান থেকেই শুনতে পান দেশভাগের কথা। এ খবর ব্যথিত করে সের্গেইকে। সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয়েছে, তাই সের্গেইর মিশন নিয়েও সংশয় তৈরি হয়। দোলাচলের মধ্যে পূর্বপরিকল্পিত সময়ের চেয়েও মহাকাশে তাঁকে এক মাস বেশি অবস্থান করতে হয়। ১৯৯২ সালের ২৫ মার্চ পৃথিবীতে ফিরে আসার অনুমতি পান সের্গেই। ফিরে এসে গ্রহণ করেন রাশিয়ার নাগরিকত্ব।

সের্গেইর জীবনে ঘটে যাওয়া বিচিত্র কাহিনি অবলম্বনে ১৯৯৫ সালে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেন রোমানিয়ার চলচ্চিত্রনির্মাতা আন্দ্রেই উজিকা। এর শিরোনাম ছিল আউট অব দ্য প্রেজেন্ট। এ ছাড়া সোভিয়েত ইউনিয়ন বিভক্তির সময় মহাকাশে থাকাকালে ক্রিকালেভের মনের অভিব্যক্তি কল্পনা করে কিউবান গীতিকার সিলিভও রদ্রিগেজ ‘ক্যাসিওপিয়া’ শিরোনামে একটি গান রচনা করেন।

লেখক: শিক্ষার্থী, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সূত্র: হাফিংটন পোস্ট

*লেখাটি ২০১৮ সালে বিজ্ঞানচিন্তার জানুয়ারি সংখ্যায় প্রকাশিত